নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান বসালে এখন থেকে আর কোনো ছাড় দেওয়া হবে না; সরাসরি মামলা দায়ের এবং মালামাল জব্দ করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি স্পষ্ট জানান, এতদিন অনুরোধ করা হলেও এখন থেকে নিয়মের ব্যত্যয় ঘটলেই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২৪ অক্টোবর) ডিএসসিসির সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উপলক্ষে আয়োজিত বিশেষ মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, রাজধানীর যানজট, যত্রতত্র ময়লা ফেলা এবং পথচারীদের চলাচলে বাধা সৃষ্টির প্রধান কারণ অবৈধ হকার ও ভাসমান দোকান। মানবিকতার অজুহাতে ফুটপাত ও সড়ক দখল করে নগরবাসীকে দুর্ভোগে ফেলার কোনো সুযোগ নেই। নিউমার্কেট এলাকাসহ বিভিন্ন স্থানে সড়ক দখলমুক্ত করতে আগামী সপ্তাহেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ রক্ষার বিষয়ে সচেতনতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জমা পানি ডেঙ্গুর জন্মস্থান, তাই তিন দিনের বেশি কোথাও পানি জমতে দেওয়া যাবে না। বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি সচেতনতামূলক র্যালি ও প্রচারণা অব্যাহত থাকবে।
একই সঙ্গে মালিবাগে সিআইডি কার্যালয়ের সামনের বর্জ্য স্থানান্তর (এসটিএস) বিষয়ে তিনি জানান, জনস্বার্থে সেটি সরিয়ে সেখানে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং ওই এলাকার জন্য তৈরি হতে যাওয়া নতুন এসটিএসের কাজ চলতি মাসের মধ্যেই শেষ হবে।
উল্লেখ্য, এদিনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযানটি সিআইডি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শান্তিনগর, কাকরাইল ও নয়াপল্টন হয়ে ফকিরাপুলে গিয়ে শেষ হয়। অভিযানে পরিচ্ছন্নতা কর্মী ও মশক নিধন কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশ নেন।

