জয়পুরহাটের পাঁচবিবিতে যাত্রীবেশে উঠে সাখাওয়াত হোসেন (২৭) নামে এক চালককে কুপিয়ে হত্যার পর অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বুধবার পাথরঘাটা সেতুসংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাখাওয়াত উপজেলার আটাপুর ইউনিয়নের সূর্যাপুর চকপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন সাখাওয়াত।
ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালককে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
পাঁচবিবি থানার ওসি তামবিরুল ইসলাম জানান, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।