কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি অভিনেত্রীদের বিকৃত আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। তাঁর প্রশ্ন, শুধু ক্ষমা চাইলেই কি এমন ঘটনার দায় এড়ানো যায়?
সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজে দুই তারকা অভিনেত্রীর বিকৃত ভিডিও প্রকাশ করা হয়। পরে চ্যানেল কর্তৃপক্ষ জানায়, তাদের পেজ হ্যাক করে ভিডিওগুলো পোস্ট করা হয়েছিল। এ ঘটনায় দুঃখপ্রকাশও করে তারা।
তবে বিষয়টি সহজভাবে মেনে নিতে নারাজ পরীমনি। তাঁর দাবি, ভিডিওটি অনেক আগে থেকেই ছিল। কিন্তু এবার ওই টেলিভিশন চ্যানেলের পেজের মাধ্যমে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
গতকাল রাতে ফেসবুক লাইভে এসে ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। চ্যানেলটির বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এত বড় একটি গণমাধ্যমের পেজ দীর্ঘ সময় নিয়ন্ত্রণের বাইরে থাকলেও কেন দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হলো না? তাঁর মতে, শুধু পেজ হ্যাক হওয়ার কথা বলে দায় এড়ানো যায় না।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি নিয়ে নেতিবাচক মন্তব্যকারীদেরও কড়া ভাষায় সমালোচনা করেন পরীমনি। তাঁর বক্তব্য, সচেতন মানুষ বিষয়টি এড়িয়ে গেলেও কেউ কেউ ভিডিওটিকে কেন্দ্র করে অশালীন আলোচনা চালিয়ে গেছেন।
এমনকি ভিডিওটি নিয়ে অতিরিক্ত মাতামাতি করা ব্যক্তিদের উদ্দেশে ব্যঙ্গাত্মক মন্তব্যও করেন তিনি।
পরে নিজের ফেসবুক লাইভটি মুছে দেন পরীমনি। সকালে একটি স্ট্যাটাসে জানান, তিনি লাইভটি ডিলিট করে দিয়েছেন।
এ ঘটনায় আবারও সামনে এসেছে এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি, ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ন করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কনটেন্ট ছড়ানোর বিরুদ্ধে জবাবদিহির প্রশ্ন।
