গাজীপুরের টঙ্গীতে ওষুধ কারখানার কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট কাজ করেছে। পাশাপাশি রয়েছে গাজীপুর সিটি করপোরেশন ও সেনাবাহিনীর দমকলকর্মীরা। সকাল সোয়া ১০টায় অগ্নিকাণ্ডের খবর কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে দুই শ্রমিক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
আহতদের মধ্যে কারখানার শ্রমিক সাদেক হোসেনের (৩৮) নাম জানা গেলেও অপরজনের নাম জানা যায়নি। আহত সাদেককে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সোয়া ১০টার দিকে ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানার (ইউনিট-২) চতুর্থ তলায় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ওষুধ তৈরির কাঁচামাল ও কারখানার আশপাশে ছড়িয়ে পড়ে। এতে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে দুই শ্রমিক আহত হন। খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে ঢাকার উত্তরা, কুর্মিটোলা ও গাজীপুরের আরও ১৬টি ইউনিট তাদের সঙ্গে যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পাশাপাশি গাজীপুর সিটি করপোরেশন ও বাংলাদেশ সেনাবাহিনীর দমকলকর্মীরাও পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন।
এ ব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম জানান, সকাল সোয়া ১০টায় ড্রাগ ইন্টারন্যাশনালের চারতলা ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যে আগুন ওষুধ তৈরির কাঁচামালের মধ্যে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটসহ মোট ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পাশাপাশি গাজীপুর সিটি করপোরেশন ও সেনাবাহিনীর দমকলকর্মীরাও কাজ করেন। এ ঘটনায় দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা চালানো হয়। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান তিনি।
