চাঁদপুর: জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে চাঁদপুর জেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, যুবদল জাতীয়তাবাদী শক্তির অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে যুবদলের নেতাকর্মীদের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। সংগঠনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের আদর্শ ও শৃঙ্খলা বজায় রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে জেলা থেকে শুরু করে উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সহসভাপতি সারোয়ার গাজী, মো. মোস্তফা বন্ধুকসী, শাহাজাহান কবির খোকা ও সামীম জমাদার, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ আলম রবিন ও সাইফুর রহমান জাকির, সহসাধারণ সম্পাদক জসিম মাতব্বর, সোহেল গাজী ও আব্দুল মান্নান খান কাজল, সহ-দপ্তর সম্পাদক ইউসুফ মিয়াজীসহ জেলা, সদর ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন, কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি, নেতাকর্মীদের অংশগ্রহণ এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় নেতারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের বিকল্প নেই।
ফম/এমএমএ/
