তাজিকিস্তানে জাপানের নেতৃত্বাধীন ভূ-তাপীয় প্রকল্প চলমান
জাপানি গবেষকরা, তাজিকিস্তানে ভূগর্ভস্থ তাপ ব্যবহার করে একটি উষ্ণকরণ ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করার জন্য কাজ করছেন। মধ্য এশিয়ার দেশটিকে বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলায় সহায়তা করাই হচ্ছে এই পদক্ষেপের লক্ষ্য।
রাজধানী দুশানবেতে অবস্থিত তাজিকিস্তানের জাতীয় বিজ্ঞান একাডেমিতে, চলতি মাসে চালু হওয়া ব্যবস্থাটি শুক্রবার সরকারি কর্মকর্তা ও অন্যান্য স্থানীয় লোকজনকে প্রদর্শন করা হয়।
জাপান বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থা এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা বা জাইকার সহায়তায়, জাপানের আকিতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা ২০২১ সাল থেকে প্রকল্পটির নেতৃত্ব দিয়ে আসছেন।
ব্যবস্থাটিতে, মাটির উপরে ও নিচের তাপমাত্রার পার্থক্যকে কাজে লাগানো হয়। প্রায় ১০০ মিটার গভীরে, সারা বছর তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস থাকে। এই পার্থক্য শীতকালে ঘর উষ্ণ করতে এবং গ্রীষ্মকালে শীতাতপ নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়।
বিশেষ করে শীতকালে যখন উষ্ণতার চাহিদা বেড়ে যায় তখন তাজিকিস্তানে বিদ্যুৎ ঘাটতি দেখা দেয়। এসময়, অনেক বিদ্যালয়, হাসপাতাল ও পরিবারগুলো উষ্ণতার জন্য কয়লা ব্যবহার করে। কার্বন ডাই অক্সাইড নির্গমন ও বায়ু দূষণ হ্রাস করাকালীন জ্বালানির উৎস সুরক্ষিত করার চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে দেশটি।
রাজধানীর উপকণ্ঠের হাসপাতালগুলোতে ব্যবস্থাটি স্থাপনের কথা রয়েছে। ভবিষ্যতে এটি বাড়িঘরেও ব্যাপকভাবে ব্যবহৃত হবে বলে প্রত্যাশা বৃদ্ধি পেয়ে চলেছে।