যবিপ্রবি সংবাদদাতা, লোকসমাজ : আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে জাতীয় বিশ্ববিদ্যালয় ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যবিপ্রবির নয়জন খেলোয়াড় আহত হয়েছেন বলে বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে জানানো হয়েছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে ম্যাচ বর্জন করে যবিপ্রবি নারী ফুটবল দল।
গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় মাঠে শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় জাতীয় বিশ্ববিদ্যালয় ও যবিপ্রবির মধ্যে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শুরুতে ম্যাচটি দুপুর ২টা ৩০ মিনিটে আয়োজনের কথা থাকলেও পরে সময় পরিবর্তন করা হয়।
এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের দলে বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়দের অন্তর্ভুক্তি এবং তাঁদের প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অভিযোগ তোলে ঢাকা বিশ্ববিদ্যালয়। যবিপ্রবির পক্ষ থেকেও বিষয়টি নিয়ে আপত্তি ছিল বলে জানা গেছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার পর প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করার বিষয়ে সিদ্ধান্ত হলে ফাইনাল খেলতে সম্মতি দেয় যবিপ্রবি। তবে এ বিষয়ে আয়োজকদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
যবিপ্রবির অভিযোগ, খেলা শুরুর পর থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন খেলোয়াড় ও সমর্থক তাঁদের খেলোয়াড়দের উদ্দেশে অশালীন ভাষায় গালিগালাজ করেন। দ্বিতীয়ার্ধে একটি ঘটনাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
যবিপ্রবির পক্ষ থেকে অভিযোগ করা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় জ্যোৎস্না তাঁদের খেলোয়াড় ফারিয়ার গলা চেপে ধরেন। এর প্রতিবাদ করতে গেলে দুই দলের খেলোয়াড়দের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় জ্যোৎস্না যবিপ্রবির আরেক খেলোয়াড় সামিয়ার গলা ও দুই হাত চেপে ধরেন বলে অভিযোগ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় ইলার বিরুদ্ধে এক খেলোয়াড়কে ঘুষি ও থাপ্পড় মারার অভিযোগও উঠেছে। এ ছাড়া যবিপ্রবির অধিনায়ক সাদিয়াকে জ্যোৎস্না ও তাসলিমা মারধর করেন বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয়টির সংশ্লিষ্টরা।
একই ঘটনায় যবিপ্রবির আঁখিকে মাটিতে ফেলে মারধর করা হলে তাঁর নখ ভেঙে যায় বলে জানানো হয়েছে। সাগরিকাকে রাস্তায় ফেলে মারধর, শশিকে পেটে লাথি এবং অন্তিকাকে ঘুষি মারার অভিযোগও উঠেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে। এ ছাড়া ছোয়াকে রাস্তায় ফেলে মারধর করা হয়, এতে তাঁর হাত ও হাঁটুতে রক্ত জমাট বাঁধে বলে যবিপ্রবির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
সংঘর্ষের একপর্যায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় ইলা গাছের ডাল ভেঙে যবিপ্রবির খেলোয়াড়দের মারতে উদ্যত হন বলেও অভিযোগ করা হয়েছে। এ সময় বাধা দিতে গেলে যবিপ্রবির শিক্ষার্থী মারুফকে মারধর করা হয় এবং তাঁর গলায় থাকা রুপার চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
ঘটনার বিষয়ে যবিপ্রবির শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক উজ্জ্বল চন্দ্র সূত্রধর বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ফাইনাল ম্যাচ নিয়ে আগে থেকেই অভিযোগ ছিল। শুক্রবার রাতে অনুষ্ঠিত সভায় প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করে খেলা আয়োজনের সিদ্ধান্ত হলে আমরা ফাইনাল খেলতে সম্মতি জানাই। কিন্তু খেলা শুরুর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় ও শিক্ষার্থীরা আমাদের খেলোয়াড়দের গালিগালাজ করেন।”
তিনি বলেন, বিষয়টি রেফারিকে জানাতে গেলে যবিপ্রবির খেলোয়াড় ছোয়াকে হলুদ ও লাল কার্ড দেখানো হয়। পরে ম্যাচ কমিশনারের কাছে প্রতিবাদ জানালে লাল কার্ড প্রত্যাহার করা হয়।
উজ্জ্বল চন্দ্র সূত্রধর আরও বলেন, “দ্বিতীয়ার্ধে একটি ঘটনাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। আমাদের খেলোয়াড়কে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার পর প্রতিবাদ জানাতে গেলে প্রতিপক্ষের খেলোয়াড়েরা মারধর শুরু করেন। মাঠের বাইরেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা আক্রমণাত্মক আচরণ করেন। এমনকি এক নারী শিক্ষার্থী গাছের ডাল নিয়ে আমাদের খেলোয়াড়দের মারতে উদ্যত হন।”
তিনি জানান, যবিপ্রবি দল খেলা চালিয়ে যেতে চাইলেও খেলোয়াড়দের শারীরিক ও মানসিক অবস্থা এবং নিরাপত্তাহীনতার কারণে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে বাধ্য হয়।
যবিপ্রবি নারী ফুটবল দলের ম্যানেজার ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা ইয়াসমিন বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের দল নিয়ে অভিযোগ থাকা সত্ত্বেও আয়োজকদের আশ্বাসে তাঁরা মাঠে নেমেছিলেন। কিন্তু তাঁদের খেলোয়াড়দের বিভিন্নভাবে হেনস্তা ও মারধরের চেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, সংঘর্ষে যবিপ্রবির বেশ কয়েকজন খেলোয়াড় আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
ঘটনার বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রতিযোগিতার আয়োজকদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
The post যবিপ্রবি-জাতীয় বিশ্ববিদ্যালয়ের নারী ফুটবল ফাইনালে সংঘর্ষ, আহত ৯ appeared first on লোকসমাজ.
