কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে চাকরির ধরন ও প্রয়োজনীয় দক্ষতা। প্রযুক্তির এই পরিবর্তনের মধ্যে দীর্ঘ মেয়াদে ক্যারিয়ারে এগিয়ে থাকতে কর্মজীবনের শুরু থেকেই দুটি দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিয়েছেন আইবিএমের প্রধান ট্যালেন্ট, লিডারশিপ ও কালচার কর্মকর্তা অপর্ণা নায়ার। দক্ষতা দুটি হলো—সমালোচনামূলক চিন্তাভাবনা এবং অনিশ্চিত পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা।
সম্প্রতি সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অপর্ণা নায়ার বলেন, কর্মজীবনের শুরু থেকেই কর্মীদের নিজস্ব বিশ্লেষণী ক্ষমতা ও বিচার-বিবেচনার দক্ষতা বাড়াতে হবে। প্রযুক্তির অগ্রগতিতে কাজের ধরন ও প্রয়োজনীয় দক্ষতার পরিবর্তন ঘটলেও মানুষের নিজস্ব চিন্তাশক্তি ও সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা গুরুত্বপূর্ণ থাকবে।
জরিপে গুরুত্ব পেয়েছে যে দুই দক্ষতা
আইবিএমের এক জরিপেও এ দুটি দক্ষতার গুরুত্ব উঠে এসেছে। বিশ্বের ১ হাজার ৫০০ জন প্রধান মানবসম্পদ কর্মকর্তা এবং ৮ হাজার ৮০০ কর্মীর মতামতের ভিত্তিতে করা জরিপটি গত সেপ্টেম্বরে প্রকাশিত হয়।
জরিপে দেখা গেছে, ৫৭ শতাংশ মানবসম্পদ কর্মকর্তা এআইয়ের যুগে সমালোচনামূলক চিন্তাভাবনাকে গুরুত্বপূর্ণ মনে করেন। একই মত দিয়েছেন ৪৯ শতাংশ কর্মী।
অন্যদিকে, ৪৮ শতাংশ মানবসম্পদ কর্মকর্তা অনিশ্চয়তা ও অস্পষ্টতার মধ্যে বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তবে কর্মীদের মধ্যে মাত্র ২৯ শতাংশ এ দক্ষতার গুরুত্ব উপলব্ধি করেন।
জরিপের ফল বলছে, নিয়োগদাতারা এখন শুধু প্রযুক্তি ব্যবহারের দক্ষতাকেই গুরুত্ব দিচ্ছেন না; বরং তথ্য বিশ্লেষণ, পরিস্থিতি মূল্যায়ন এবং যুক্তিসংগত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাকেও গুরুত্ব দিচ্ছেন।
এআইয়ের ওপর অতিরিক্ত নির্ভরতার ঝুঁকি
এআই অনেক কাজ সহজ ও দ্রুত করতে পারলেও এর ওপর অতিরিক্ত নির্ভরতা কর্মীদের নিজস্ব দক্ষতা বিকাশে বাধা হয়ে দাঁড়াতে পারে। আইবিএমের জরিপে এআইয়ের কারণে নিজেদের কিছু দক্ষতা কমে যাওয়ার আশঙ্কা জানিয়েছেন উদ্বিগ্ন কর্মীদের প্রায় চারজনের মধ্যে তিনজন। তাদের উদ্বেগের অন্যতম বিষয় সমালোচনামূলক চিন্তাভাবনা। অন্যদিকে, ৫৭ শতাংশ নির্বাহী কর্মক্ষেত্রে সফল হওয়ার জন্য এ দক্ষতাকে গুরুত্বপূর্ণ মনে করেন।
একই ধরনের সতর্কতা দিয়েছেন জ্যাপিয়ারের ট্যালেন্ট অ্যাকুইজিশনের জ্যেষ্ঠ ব্যবস্থাপক বনি দিলবার। তার মতে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পুরোপুরি এআইয়ের ওপর নির্ভর করা উচিত নয়। এতে কর্মীদের নিজস্ব জ্ঞান, বিশ্লেষণী ক্ষমতা ও মৌলিক দক্ষতা গড়ে তোলার সুযোগ সীমিত হয়ে যেতে পারে।
নিয়োগদাতার কাছে দক্ষতা তুলে ধরবেন যেভাবে
নিজের বিশ্লেষণী ক্ষমতা ও বিচার-বিবেচনার দক্ষতা নিয়োগদাতার কাছে তুলে ধরতে চাকরিপ্রার্থীরা লিংকডইনে নিজেদের পেশা বা সংশ্লিষ্ট শিল্পের বিভিন্ন বিষয় নিয়ে বিশ্লেষণধর্মী লেখা প্রকাশ করতে পারেন।
এ ধরনের লেখার মাধ্যমে কোনো বিষয় মূল্যায়ন, যুক্তি দিয়ে মতামত উপস্থাপন এবং তথ্যের যথার্থতা যাচাই করার সক্ষমতা তুলে ধরার সুযোগ তৈরি হয়।
অপর্ণা নায়ারের মতে, সময়ের সঙ্গে প্রযুক্তিগত দক্ষতার চাহিদা পরিবর্তিত হতে পারে। তবে তথ্যের মান যাচাই, যুক্তিনির্ভর বিশ্লেষণ ও সমালোচনামূলক চিন্তাভাবনার গুরুত্ব দীর্ঘ মেয়াদে বজায় থাকবে।
তাই কর্মজীবনের শুরু থেকেই নতুন কিছু শেখা, নিজের জ্ঞান নিয়মিত হালনাগাদ করা এবং প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নিজস্ব বিচার-বিশ্লেষণের ক্ষমতা বাড়ানোর দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। এআইকে নিজের চিন্তাশক্তির বিকল্প হিসেবে ব্যবহার না করে দক্ষতা বাড়ানোর সহায়ক হিসেবে কাজে লাগানোই হতে পারে ভবিষ্যৎ ক্যারিয়ারে এগিয়ে থাকার কার্যকর উপায়।