নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা চুক্তি বাতিল এবং শ্রমিক-কর্মচারীদের চাকরির নিশ্চয়তাসহ মৌলিক দাবি পূরণের লক্ষ্যে ঘোষিত আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। নৌপরিবহনমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের সঙ্গে বৈঠকের পর আজ রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামীকাল সোমবার থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। গত ১২ অক্টোবর বন্দরের ওয়ানস্টপ সার্ভিস ভবনের সামনে গণঅনশন কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়।
বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের যুগ্ম সম্পাদক মো. ইব্রাহিম খোকন আমরণ অনশন কর্মসূচি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. ইব্রাহিম খোকন বলেন, ‘মন্ত্রী মহোদয়ের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এক বৈঠকে সব হয়তো সমাধান হবে না। সরকার পক্ষ আমাদের আশ্বস্ত করেছেন।’
কর্মসূচি স্থগিতের প্রসঙ্গে মো. ইব্রাহিম খোকন বলেন, ‘আমরা শান্তিপূর্ণ প্রক্রিয়ায় সমাধান চাই। তাই আমরণ কর্মসূচি স্থগিত করা হয়েছে।’
