ছুটি শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী মুনিরা আক্তার।
শনিবার (২৪ অক্টোবর) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, দিনাজপুর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেরার পথে শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি বাসের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হন। দুর্ঘটনায় গুরুতর আহত হন মুনিরা। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুনায়েদ বলেন, শনিবার সকাল ৭টার দিকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মুনিরা। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
মুনিরার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খাইরুল ইসলাম। তিনি বলেন, মুনিরার অকালমৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। দুর্ঘটনার পরপরেই সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও অ্যালামনাইরা হাসপাতালে যান। সেখানে বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. মো. জহির বিন আলমও উপস্থিত ছিলেন। শুরু থেকেই মুনিরার চিকিৎসার যাবতীয় ব্যয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করেছে।
