নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় পারিবারিক বিরোধের জেরে শাহিন মিয়া নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচা ও চাচাতো ভাই এর বিরুদ্ধে। বুধবার (২১ অক্টোবর) বিকেলে আমীরগঞ্জ ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাহিন মিয়া (২৫) খলাপাড়া গ্রামের আওলাদ হোসেনের ছেলে। অপরদিকে অভিযুক্তরা হলো, নিহতের চাচা মোবারক এবং তার ছেলে রাব্বি (১৭)।
পুলিশ ও নিহতের পরিবারের স্বজনরা জানান, বাড়ির পাশে রাখা ইট নেয়াকে কেন্দ্র করে আওলাদ হোসেনের সাথে কলহ বাঁধে প্রতিবেশি চাচা মোবারক হোসেনের পরিবারের। এর জেরে মোবারক ও তার ছেলে রাব্বি দেশীয় অস্ত্র দিয়ে শাহিন মিয়াকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার পর হতে অভিযুক্তরা পলাতক রয়েছেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মজিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে কে বা কারা এ হত্যার ঘটনা ঘটিয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
