বিমানবন্দর, ডাক বিভাগ ও রেলপথ ব্যবহার করে চোরাচালানের নতুন কৌশলের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। গত দুইদিনে (১৩ ও ১৪ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং কমলাপুর রেলওয়ে ফরেন পোস্ট অফিসে ধারাবাহিক অভিযানে ভায়াগ্রা ও ইনসুলিনসহ বিপুল ওষুধ, আমদানি-নিষিদ্ধ গৌরি ক্রিম, বিদেশি সিগারেট, স্বর্ণালঙ্কার, ল্যাপটপ, মোবাইলফোন ও মদজাতীয় পানীয় জব্দ করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের বাজারমূল্য প্রায় এক কোটি ১৩ লাখ টাকা।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, এসব অভিযানে আন্তর্জাতিক ফ্লাইটে সংবেদনশীল ওষুধ আনা এবং বিমানবন্দর থেকে ডাক বাছাই কেন্দ্র হয়ে রেলপথে চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসে (জিপিও) পণ্য পাঠানোর পরিকল্পনার তথ্য পাওয়া গেছে।
গতকাল বুধবার ইথিওপিয়ান এয়ারলাইন্সের ইটি৬৮০ ফ্লাইটে আসা জাহাঙ্গীর নামের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ভায়াগ্রা ও ইনসুলিনসহ প্রায় ৫৫ কেজি ওষুধ জব্দ করেন কাস্টমস গোয়েন্দারা। এর আগেরদিন গত মঙ্গলবার কমলাপুর রেলওয়ে স্টেশনের ফরেন পোস্ট অফিসে অভিযান চালিয়ে সাত হাজার ৭৮৭ পিস আমদানি-নিষিদ্ধ গৌরি ক্রিম এবং ৩১টি ব্যবহৃত ল্যাপটপ জব্দ করা হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, আকাশপথে দেশে আসার পর পণ্যগুলো বিমানবন্দরের ডাক বাছাই কেন্দ্র এবং কমলাপুরের আরএমএস (আরএমএস) কেন্দ্র হয়ে চট্টগ্রাম জিপিওতে পাঠানোর পরিকল্পনা ছিল। এ ঘটনায় চোরাচালানের কাজে বিমান, ডাক ও রেলপথের সমন্বিত ব্যবহার এবং এসব পরিবহনব্যবস্থায় নজরদারি জোরদারের প্রয়োজনীয়তা সামনে এসেছে।
দুইদিনের মধ্যে গত ১৩ অক্টোবর বিমানবন্দরে বিভিন্ন ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার, ল্যাপটপ, স্যামসাং গ্যালাক্সি এস২৫ এফইসহ মোবাইল ফোন, ২৮৮ কার্টন বিদেশি সিগারেট, ৪৬ কেজি নিষিদ্ধ ক্রিম এবং ১৭ লিটার মদ জব্দ করা হয়। পরদিন ১৪ অক্টোবর থাই এয়ারওয়েজ, সালাম এয়ারসহ বিভিন্ন ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ ও পরিত্যক্ত কার্টন তল্লাশি করে আরও ২৪৩ কার্টন বিদেশি সিগারেট, ৩৮ কেজি কসমেটিকস এবং ১৮ দশমিক ১৮ কেজি গৌরি ক্রিম জব্দ করা হয়।
সিআইআইডির অভিযানে দুইদিনে মোট ৫৩১ কার্টন বিদেশি সিগারেট, সাত হাজার ৭৮৭ পিস আমদানি-নিষিদ্ধ গৌরি ক্রিম, বিমানবন্দর থেকে ৬৪ দশমিক ১৮ কেজি নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম, ৬৮ কেজি অন্যান্য কসমেটিকস, ভায়াগ্রা ও ইনসুলিনসহ ৫৫ দশমিক ৮ কেজি ওষুধ, ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার, ৩২টি ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন এবং ১৭ লিটার মদ ও অ্যালকোহলজাতীয় পানীয় জব্দ করা হয়। জব্দ করা পণ্যের বাজারমূল্য ১ কোটি ১৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা।
