ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র করলো বাংলাদেশ
স্পোর্টস ডেস্কআজারবাইজানের বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শক্তিশালী ওয়েলসের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচে শেষ পর্যন্ত জালের ঠিকানা খুঁজে পায়নি কোনো দলই। ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো লাল-সবুজের প্রতিনিধিদের।
ফিফার উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ১৯১ দেশের দল। আটজনের দল নিয়ে বিশেষ এই আসরে ৬৮ মিটার দৈর্ঘ্য ও ৪৮ মিটার প্রস্থের মাঠে হচ্ছে ম্যাচ। প্রতিটি ম্যাচের দুই অর্ধ ২০ মিনিট করে।
বাংলাদেশ রয়েছে ‘জি’ গ্রুপে। এই গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ পর্তুগাল, ইন্দোনেশিয়া, ফিজি ও বুরুন্ডি। গ্রুপের অন্য ম্যাচে বুরুন্ডিকে ১-০ গোলে হারিয়েছে পর্তুগাল।
এক ম্যাচে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে পর্তুগাল। এক ম্যাচে ১ পয়েন্ট করে নিয়ে টেবিলের দুই ও তিন নম্বরে যথাক্রমে বাংলাদেশ, ওয়েলস। গ্রুপের অন্য ম্যাচে লড়ছে ফিজি ও ইন্দোনেশিয়া।
২৫ ও ২৬ অক্টোবর দুটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ। দিনের প্রথম ম্যাচে কাল বাংলাদেশের প্রতিপক্ষ পর্তুগাল। এরপর ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।
টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্স ও বাকু ক্রিস্টাল হলে। টুর্নামেন্ট শেষে আগামী ৩ নভেম্বর সকালে বাংলাদেশের তরুণ ফুটবলারদের দেশে ফেরার কথা রয়েছে।
বাংলাদেশ জার্নাল/জেডএইচ
