
চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহ কার্যক্রম শুরু
নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাবলম্বিতা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের চন্দনাইশে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে তথ্যসংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জোয়ারা সর্দার পাড়া এলাকায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ সূচনা করেন।
অনুষ্ঠানে জানানো হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় চন্দনাইশ উপজেলার দুটি পৌরসভা ও আটটি ইউনিয়নের মোট ৬৩ হাজার পরিবারের তথ্য সংগ্রহ করা হবে। প্রথম পর্যায়ে চন্দনাইশ পৌরসভায় এ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য এলাকাতেও তথ্যসংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে।
চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মো. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী।
এ সময় চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুব আলম শাওন ভুঞা, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মাঠপর্যায়ে তথ্যসংগ্রহ কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের হাতে ডিজিটাল ট্যাব তুলে দেন প্রধান অতিথি।
সংশ্লিষ্টরা জানান, মাঠপর্যায় থেকে পরিবারের প্রকৃত অবস্থা ও আর্থসামাজিক পরিস্থিতি সম্পর্কে নির্ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে উপযুক্ত পরিবার চিহ্নিত করা এবং সরকারি কল্যাণমূলক কর্মসূচির সুফল নিশ্চিত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
