
চন্দনাইশে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ পালিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে শিশু বিবাহ প্রতিরোধ, কন্যাশিশুর অধিকার সুরক্ষা এবং নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতী বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, চন্দনাইশ থানার অফিসার এস এম দিদারুল ইসলাম সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আজাদ হোসেন, উপজেলা প্রকৌশলী সৈয়দ আসিফ মোহাম্মদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রশ্মি চাকমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম ছালেহউদ্দিন, প্রাথমিক ইউআরসি ইন্সট্রাক্টর আক্তার সানজিদা জাফর পপি, বরগুনি বিট কর্মকর্তা রহমত আলীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী জনপ্রতিনিধি, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বক্তারা বলেন, শিশু বিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও স্বাভাবিক বিকাশের পথে বড় বাধা। শিশু বিবাহ প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি কন্যাশিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, সচেতনতা বৃদ্ধি, প্রচলিত আইন বাস্তবায়ন এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে জনসাধারণকে অবহিত করার মাধ্যমে শিশু বিবাহমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে শিশু বিবাহ প্রতিরোধ এবং কন্যাশিশুর উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
