প্রকাশিত: ১০:৩৫, ২১ অক্টোবর ২০২৬ আপডেট: ১০:৩৫, ২১ অক্টোবর ২০২৬
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি
অনলাইনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা নতুন ভোটার নিবন্ধনের আবেদন করার পর নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দিলে আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ছবি তোলা, আঙুলের ছাপ ও চোখের আইরিশের তথ্য না দিয়ে দীর্ঘদিন আবেদন ঝুলিয়ে রাখার সুযোগ বন্ধ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি নির্বাচন কমিশনের মাসিক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ এ বিষয়ে ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজারকে লিখিত নির্দেশনা দিয়েছেন।
নির্দেশনা অনুযায়ী, অনলাইনে নতুন ভোটার নিবন্ধন বা এনআইডি সংশোধনের আবেদন করার পর নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয় বা নির্ধারিত কেন্দ্রে গিয়ে বায়োমেট্রিক তথ্য দিতে হবে। তা না হলে নির্দিষ্ট সময় পার হওয়ার পর আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
ইসি কর্মকর্তারা বলছেন, এ ব্যবস্থা কার্যকর হলে দীর্ঘদিন ধরে নিষ্পত্তির অপেক্ষায় থাকা আবেদনের চাপ কমবে। পাশাপাশি প্রয়োজনীয় তথ্য না দিয়েও আবেদন ঝুলিয়ে রাখার প্রবণতা বন্ধ হবে।
এদিকে ভোটার নিবন্ধনের পুরনো নথিপত্র অপসারণেও উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। ২০১২ সাল থেকে জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয়ে সংরক্ষিত স্ক্যান করা ও সার্ভারে আপলোড করা ভোটার নিবন্ধন ফরম-২ এর কাগুজে কপি এবং কার্যালয়ের গুদামে থাকা অপ্রয়োজনীয় সামগ্রী সরিয়ে ফেলার সিদ্ধান্ত হয়েছে।
