দেশের প্রতিটি শিশুকে টিকাদানের আওতায় আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে টিকার গুণগত মান, শুদ্ধতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ও টিকাপ্রতিরোধযোগ্য রোগের নজরদারি কার্যক্রমের যৌথ স্বাধীন পর্যালোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, টিকার যথাযথ ব্যবস্থাপনা ও গুণগত মান বজায় রাখা অত্যন্ত জরুরি। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে বিভিন্ন টিকাপ্রতিরোধযোগ্য রোগ থেকে সুরক্ষিত রাখা সম্ভব হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করার পাশাপাশি টিকার মান ও নির্ভরযোগ্যতা বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে টিকার সঠিক ব্যবস্থাপনা এবং গুণগত মান নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের গুরুত্ব দিতে হবে।
