সিনিয়র রিপোর্টার। চট্টগ্রামনিউজ.কম
কক্সবাজারের হিমছড়ি এলাকার সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। একজনকে জীবিত উদ্ধার করা গেলেও আরও দুজন পর্যটক এখনও নিখোঁজ। ফায়ার সার্ভিস, লাইফগার্ড ও বিচকর্মীরা সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত তল্লাশি চালিয়েও নিখোঁজ দুজনের সন্ধান পাননি।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান সময় সংবাদকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পর্যটকের একটি দল হিমছড়ি মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকতে গোসলে নামে। সেখানে ঢেউয়ে স্রোতে ভেসে যায় তারা। এসময় স্থানীয়রা একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। এখনো আরও দুজন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশ ও লাইফগার্ড সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আসা ১২ জনের একটি দল হিমছড়ি সৈকতে বেড়াতে যায়। তাঁদের মধ্যে পাঁচজন সাগরে গোসল করতে নামেন। এ সময় বড় ঢেউয়ের ধাক্কায় পাঁচজনই পানিতে তলিয়ে যান। পরে লাইফগার্ডকর্মী ও স্থানীয় লোকজন তাঁদের মধ্যে তিনজনকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তাঁদের মৃত্যু হয়। নিখোঁজ অপর দুজনকে উদ্ধারে তল্লাশি চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক। তিনি বলেন, সাগরে গোসল করতে নেমে মারা যাওয়া তিন পর্যটকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। নিখোঁজ দুজনকে উদ্ধারে অভিযান চলছে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
