আজকাল ওয়েবডেস্ক: এয়ার অ্যাম্বুলেন্স তখন মাঝআকাশে। অসুস্থ যাত্রীকে নিয়ে যাওয়া হচ্ছিল জরুরি চিকিৎসার জন্য। তড়িঘড়ি অবতরণ ঢাকা বিমান বন্দরে। যদিও তাতেও শেষ রক্ষা হল না। চিকিৎসার জন্য আগরতলা থেকে কলকাতায় নিয়ে যাওয়ার পথে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)-এর এক কর্মকর্তার মৃত্যু হয়েছে, ঢাকায়। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, মাঝ আকাশেই আচমকা এয়ার অ্যাম্বুলেন্সটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ঢাকায় জরুরি অবতরণ করানো হয়।
তিনি ত্রিপুরার রাজধানী আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে কর্মরত ছিলেন। বিমান বন্দর সূত্রে তথ্য, রবিবার, ১৮ অক্টোবর এয়ার অ্যাম্বুলেন্সটিকে বাংলাদেশের রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয় পরিস্থিতি বিচারে। বিমানটি নিরাপদে অবতরণ করে এবং এরপর অঞ্জনা ভৌমিককে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন বলে জানা গিয়েছে।
সূত্রের তথ্য, মৃত অঞ্জনা ভৌমিক গুয়াহাটির বিরুবাড়ির বাসিন্দা। শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য তাঁকে আগরতলার আইএলএস (ILS) হাসপাতাল থেকে কলকাতায় পাঠানো হচ্ছিল। তাঁকে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য এএআই (AAI) একটি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছিল। তবে বিপত্তি ঘটল এয়ার অ্যাম্বুলেন্স তাঁকে নিয়ে কলকাতা পৌঁছনোর আগেই।
https://www.youtube.com/watch?v=JwFdq_tA9cE
