আজকাল ওয়েবডেস্ক: যুক্তরাষ্ট্রের ইলিনয়ের অরোরা শহরে হিন্দু মন্দিরে গণহত্যা চালানোর ষড়যন্ত্রের অভিযোগ ঘিরে উদ্বেগ প্রকাশ করল ভারত। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন প্রশাসনের কাছে আর্জি জানিয়েছে নয়াদিল্লি।
অভিযোগ, পরিকল্পিত হামলার ছকে হিন্দুবিদ্বেষী ও বর্ণবিদ্বেষী মনোভাবের পাশাপাশি ভারতীয় বংশোদ্ভূতদের উপর হামলা চালানোরও পরিকল্পনাও করা হয়েছিল। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে।
তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার মতো পদক্ষেপের বিষয়ে অবগত রয়েছে ভারত। তবে গোটা ষড়যন্ত্রের মধ্যে হিন্দুবিদ্বেষ ও বর্ণবিদ্বেষের যে ইঙ্গিত পাওয়া গিয়েছে, তা বিশেষভাবে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন তিনি।
জয়সওয়াল আরও বলেন, ‘আমেরিকায় বর্ণবিদ্বেষমূলক বিদ্বেষ এবং ভারত-বিরোধী হিংসা ছড়ানোর ঘটনা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। এই ধরনের পরিস্থিতিতে সতর্কতা অবলম্বন এবং ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ করা প্রয়োজন।’
বিদেশ মন্ত্রকের মুখপাত্রের কথায়, ‘আমরা আশা করছি, মার্কিন প্রশাসন বিষয়টির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে, অভিযুক্তদের বিচারের আওতায় আনবে এবং এই ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করবে।’
https://x.com/MEAIndia/status/2110657430095012232
অন্যদিকে, শিকাগোয় ভারতীয় দূতাবাস মার্কিন আইন প্রয়োগকারী সংস্থাগুলির দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছে। পাশাপাশি, আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং পরিস্থিতির উপর নজরদারি চালানো হচ্ছে বলেও জানানো হয়েছে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, প্রবাসী ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রেখে গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। এই ষড়যন্ত্রের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসের সদস্য রাজা কৃষ্ণমূর্তিও।
তিনি জানিয়েছেন, এমন পরিকল্পনার কথা রীতিমত শিউরে ওঠার মতো। পাশাপাশি, যাঁরা বিষয়টি সম্পর্কে কর্তৃপক্ষকে সতর্ক করেছিলেন, তাঁদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
এদিকে, আমেরিকার হিন্দু সংগঠনও পুলিশের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। একই সঙ্গে, সম্ভাব্য কোনও হুমকির বিষয়ে সতর্ক থাকা এবং সন্দেহজনক কিছু নজরে এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা জানানোর জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছে সংগঠনটি।
উল্লেখ্য, আমেরিকায় হিন্দু মন্দিরে হামলার ছক কষার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ১৯ বছরের এক তরুণ। অভিযুক্তের নাম আলেকজান্দ্রোস পাপোরাকিস। পুলিশ সূত্রে খবর, তাঁর কাছ থেকে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী মতাদর্শে লেখা একটি ম্যানিফেস্টো উদ্ধার হয়েছে।
সেখানে ভারতীয় বংশোদ্ভূত এবং দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে হিংসার উল্লেখ রয়েছে বলে তদন্তকারীদের দাবি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ১১ অক্টোবর প্যালাটাইন এলাকার বাসিন্দা পাপোরাকিসকে গ্রেপ্তার করে পুলিশ।
https://youtu.be/JwFdq_tA9cE?si=ibjIQUWKW3DwBjuK
সম্ভাব্য গণহত্যার পরিকল্পনা সম্পর্কে খবর পাওয়ার পর তদন্ত শুরু হয়। বুধবার কুক কাউন্টির থার্ড মিউনিসিপ্যাল ডিস্ট্রিক্ট আদালতে শুনানির পর বিচারক অভিযুক্তকে হেফাজতে রাখার নির্দেশ দেন। আগামী ৩০ অক্টোবর তাঁকে ফের আদালতে হাজির করা হবে।
