
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা বার্সেলোনার
ক্লাব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। আগামী রোববার (২৫ অক্টোবর) বহুল প্রতীক্ষিত ‘এল ক্লাসিকো’তে মুখোমুখি হবে স্প্যানিশ ফুটবলের এই দুই জায়ান্ট। তবে গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে বড় ধরনের ইনজুরি ধাক্কা খেয়েছে বার্সেলোনা। উরুর পেশিতে চোট পেয়ে প্রায় এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন কাতালান ক্লাবটির মিডফিল্ডার দানি ওলমো।
বুধবার (২১ অক্টোবর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে ওলমোর চোটের বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা। ক্লাবটি জানায়, পরীক্ষার পর ওলমোর বাঁ উরুর পেশিতে চোট ধরা পড়েছে। সুস্থ হয়ে মাঠে ফিরতে তার আনুমানিক এক মাস সময় লাগতে পারে।
গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে পার্ক দে প্রিন্সেসে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে ৪-২ গোলে হারে বার্সেলোনা। ওই ম্যাচেই অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়তে বাধ্য হন ২৬ বছর বয়সী ওলমো।
এক মাসের বিরতির কারণে রিয়ালের বিপক্ষে এল ক্লাসিকো ছাড়াও লা লিগায় অ্যালাভেস ও অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করবেন ওলমো। এ ছাড়া চ্যাম্পিয়নস লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচ এবং আগামী নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে স্পেনের নেশনস লিগের লড়াইয়েও তার খেলা হচ্ছে না।
