ভোলার বোরহানউদ্দিনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মা ইলিশ নিধনের অভিযোগ উঠেছে। দিন-রাত ভেদাভেদ ছাড়াই অবাধে ডিমওয়ালা মা ইলিশ শিকার করা হচ্ছে এবং তা উপজেলার বিভিন্ন মাছঘাটে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসনের আরও জোরালো ও কঠোর অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও মৎস্যজীবীরা।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের মা ইলিশ রক্ষা কর্মসূচির অংশ হিসেবে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত মোট ২২ দিন নদী ও সাগরে সব ধরনের মাছ ধরা, পরিবহন, মজুত এবং বিক্রির ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। মা ইলিশের প্রজনন নিরাপদ করতেই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
তবে অভিযোগ রয়েছে, সরকারি এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের আলীমুদ্দিন বাংলাবাজার মাছঘাট, সেন্টার বাজার মাছঘাট ও স্বরাজগঞ্জ মাছঘাটসহ নদীর তীরবর্তী বিভিন্ন এলাকায় অসাধু জেলে ও ব্যবসায়ীরা প্রকাশ্যে ইলিশ বেচাকেনা চালিয়ে যাচ্ছেন।
বোরহানউদ্দিন উপজেলা জাতীয় মৎস্য সমিতির প্রতিনিধি জাহিদ হাসান জামাল ও মো. ফরিদুল আলম অভিযোগ করে বলেন, মেঘনা নদীতে এখন মা ইলিশ নিধনের মহোৎসব চলছে। মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগ ও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের জোরালো পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা যথেষ্ট নয়। অবিলম্বে কঠোর অভিযান পরিচালনার দাবি জানান তারা।
এ বিষয়ে বোরহানউদ্দিন হাকিমুদ্দিন নৌ পুলিশ জানিয়েছে, মা ইলিশ সংরক্ষণে তাদের নিয়মিত ও কঠোর অভিযান চলমান রয়েছে।
অন্যদিকে বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা বলেন, কিছু অসাধু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের চেষ্টা চালাচ্ছে। তবে মা ইলিশ রক্ষায় আমাদের জোরালো অভিযান অব্যাহত রয়েছে।
