চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল নেতা তারেক হোসেন বাপ্পি খুনের ঘটনার ১৫ ঘণ্টা পর পুকুর থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের বৌদ্ধ পুকুরপাড় এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী আমজাদ হোসেন নামের এক যুবক বলেন, পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। মরদেহটি পুরুষের। তার পরনে প্যান্ট ও শার্ট রয়েছে।
এদিকে শুক্রবার (১৬ অক্টোবর) রাতে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর মোড়ে মাইকে ‘ডাকাত আসবে’ বলে ঘোষণা দিয়ে এলাকায় আতঙ্ক ছড়ানোর পর দুই যুবদল নেতার ওপর হামলা চালানো হয়। এ সময় এলোপাতাড়ি কুপিয়ে ও বুকে গুলি করে তারেক হোসেন বাপ্পি (২৬) নামে এক নেতাকে হত্যা করে অজ্ঞাতরা।
যুবদল নেতা খুন ও এক দিন পর পুকুরে মরদেহ পাওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু হেনা মোস্তফা কামাল বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
