লেখালেখি করে পতন ঘটানো যাবে না, সরকার মেয়াদ পূর্ণ করবেই: নুরুল হক নুর

প্রভাত সংবাদদাতা, পটুয়াখালী : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিরুদ্ধে লেখালেখি করে সরকারের পতন ঘটানো যাবে না। পাঁচ বছরের জন্য ক্ষমতায় আসা বর্তমান সরকার মেয়াদ পূর্ণ করবেই।’ শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে পটুয়াখালীর দশমিনা উপজেলা অডিটোরিয়ামে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ‘বর্তমান সরকার ৭ মাসে জনগণের আশা-প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করেছে। দুর্গাপূজা উদযাপনের জন্য সরকারের কাছে আলাদাভাবে আবেদন করতে হয়নি। এর আগেই সরকার উপজেলা পর্যায়ের প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, আনসার ও পুলিশ মোতায়েন এবং বিশেষ নিরাপত্তা টহলের ব্যবস্থা করেছে। এ ছাড়া পূজামণ্ডপগুলোর জন্য আর্থিক সহায়তার অংশ হিসেবে ৬০০ কেজি করে চাল বরাদ্দের ব্যবস্থা করা হয়েছে।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে কোনও কিছু চাইতে হয় না। তিনি জনগণের মনের কথা বোঝেন।’
প্রতিমন্ত্রী বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে কুৎসা রটিয়ে কোনও ফায়দা হবে না। লেখালেখি করে সরকারের পতন ঘটানো যাবে না। পাঁচ বছরের জন্য গঠিত এই সরকার তার মেয়াদ পূর্ণ করবে। সরকার দেশ ও জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাচ্ছে।’
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা, থানার ওসি আতিকুল ইসলাম, ঢাকা মহানগর গণঅধিকার পরিষদের উত্তর শাখার সহসভাপতি মিজানুর রহমান, জেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি কালাম পঞ্চাইত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম শানু, গণঅধিকার পরিষদের সভাপতি আলতাফ আকন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শামিম খান এবং যুবঅধিকার পরিষদের সভাপতি ইমরান শাহিনসহ বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
More News Of This Category

