নোয়াখালীর সোনাইমুড়ীতে কালো পোশাক ও হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা জামাল উদ্দিন (৬০) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান প্রার্থীকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিতে তিনি বাম পাসহ শরীরের বিভিন্ন অংশে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। হামলার শিকার জামাল উদ্দিন নাটেশ্বর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।
শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের বটতলী এলাকার সালাউদ্দিনের চায়ের দোকানে এ হামলার ঘটনা ঘটে। রাত ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঘোষকামতা গ্রামের মিজি বাড়ির মরহুম সাখায়েত উল্যার ছেলে গুলিবিদ্ধ জামাল উদ্দিন একসময় প্রবাসে ছিলেন। তিনি নাটেশ্বর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় পোস্টারিং করেন। বর্তমানে তার একাধিক ছেলে প্রবাসে রয়েছেন। শনিবার রাতে তিনি বাড়ির পাশে বটতলী এলাকার সালাউদ্দিনের চায়ের দোকানে বসে স্থানীয়দের সাথে কথা বলছিলেন। ওই সময় কালো পোশাক ও হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে দোকানের সামনে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার বাম পা ও শরীরের বিভিন্ন অংশে গুলিবিদ্ধ হয়।
পরে, এলাকাবাসী তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: রাজীব আহমেদ চৌধুরী বলেন, রাত ১২টার দিকে গুলিবিদ্ধ জামাল উদ্দিন হাসপাতালে ভর্তি হন। তার বাম পা ও শরীরে বুলেটের আঘাত রয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত আছেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কবির হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।’
