পাবনার ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৫০ গ্রাম গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার হাদল ইউনিয়নের ধানুয়াঘাটা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ফরিদপুর থানা চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধানুয়াঘাটা গ্রামে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় দুটি লোহার চাপাতি ও হাতলবিহীন একটি লোহার অস্ত্রও জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফরিদপুর উপজেলার ধানুয়াঘাটা এলাকার আব্দুর রহমানের ছেলে নয়ন প্রামাণিক (৪০), বেড় হাউলিয়া দক্ষিণপাড়ার আব্দুল মজিদ প্রামাণিকের ছেলে মামুন হোসেন (৩০), হাদল মাদরাসাপাড়ার আব্দুর রহমানের ছেলে জাব্বার আলী (২১), ধানুয়াঘাটা বাজারপাড়ার বিল্লাল হোসেনের ছেলে কাউছার আলী (১৯) এবং চাটমোহর উপজেলার আলমনগর এলাকার তাজ উদ্দিনের ছেলে সাকিব উদ্দিন (১৯)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানের সময় নয়ন প্রামাণিকের বসতঘরে তল্লাশি চালিয়ে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁর বসতঘর থেকে দুটি লোহার চাপাতি ও হাতলবিহীন একটি লোহার অস্ত্র জব্দ করা হয়।
অন্যদিকে, মামুন হোসেন ও জাব্বার আলীর কাছ থেকে ২৫ পিস করে ইয়াবা উদ্ধার করা হয়। কাউছার আলীর কাছ থেকে ২৫ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজা এবং সাকিব উদ্দিনের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের হিসাব অনুযায়ী, অভিযানে উদ্ধার করা ১৫৫ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪৬ হাজার ৫০০ টাকা। এ ছাড়া ৫৫০ গ্রাম গাঁজার আনুমানিক বাজারমূল্য ২২ হাজার টাকা।
সংবাদ সম্মেলনে ওসি মনজুরুল হাসান মাসুদ বলেন, ফরিদপুর থানায় যোগদানের পর থেকে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও জানান, এদের মধ্যে নয়ন হোসেন ইয়াবার বড় ডিলার। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে পাবনা কারাগারে পাঠানো হবে।
