মক্কায় আকস্মিক বন্যায় ভেসে যাওয়া তিন শিশুর একজনের মরদেহ উদ্ধার
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:০৭ পিএম
আপডেট: ২২ অক্টোবর ২০২৬, ১২:৩০ পিএম
ছবি: সংগৃহীত
-->সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় ভেসে যাওয়া তিন শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি শিশুকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হলেও এখনো একজন নিখোঁজ রয়েছে।
সৌদি সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, আকস্মিক এই বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং রাস্তাঘাটে পানির প্রবল স্রোত সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি উদ্ধার ও তল্লাশি অভিযান চালাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।
তীব্র বৃষ্টিপাত ও বন্যার কারণে সাধারণ মানুষকে ঝুঁকিপূর্ণ এলাকা এবং প্লাবিত জলাশয় বা চ্যানেলগুলোর কাছাকাছি না যাওয়ার জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছে সিভিল ডিফেন্স। সূত্র: ওয়াইঅন
আজহার/
আরও পড়ুন
মুসলমানদের নিয়ে করা ট্রাম্পের মন্তব্যকে ‘বোকাটে’ বললেন ম্যাক্রোঁ
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১১:০২ এএম
আপডেট: ২২ অক্টোবর ২০২৬, ১১:০২ এএম
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও যুক্তরাষ্টের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
-->ফ্রান্সের চলমান বিক্ষোভে মুসলমানদের নিয়ে যুক্তরাষ্টের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র জবাব দিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ট্রাম্পের ওই বক্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ ও ‘বোকাটে’ বলে অভিহিত করেছেন তিনি।
সম্প্রতি ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এই পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, ফ্রান্সে চলা এই অস্থিরতার জন্য মূলত মুসলিম অভিবাসীরাই দায়ী। এমনকি প্যারিস খুব দ্রুত একটি ‘মুসলিম শহরে’ পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্প ফ্রান্সের বর্তমান পরিস্থিতিকে ইঙ্গিত করে ম্যাক্রোঁকে সময়মতো সীমানা বন্ধ করার পরামর্শও দিয়েছিলেন।
আর ট্রাম্পের এই মন্তব্যের পরই তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন ফরাসি প্রেসিডেন্ট। এক প্রতিক্রিয়ায় ম্যাক্রোঁ বলেন, ‘ফ্রান্সের সাম্প্রতিক অভ্যন্তরীণ সংকট এবং বিক্ষোভকে রাজনৈতিক ফায়দা তোলার জন্য ব্যবহার করছেন বিদেশি নেতারা। আটলান্টিকের ওপার থেকে আসা এই ধরনের মন্তব্য কেবল বিভ্রান্তিকরই নয়, বরং সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং বোকামি ভরা’।
বিশ্লেষকদের মতে, ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি এবং অর্থনৈতিক সংকটের জেরে ইউরোপের এই দেশে চলা অস্থিরতাকে কেন্দ্র করে দুই নেতার এই বাকযুদ্ধ আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে। সূত্র: এনডিটিভি
আজহার/
আরও পড়ুন
রিয়াদে ফরাসি প্রেসিডেন্টকে অভ্যর্থনা সৌদি যুবরাজের
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১০:২২ এএম
আপডেট: ২২ অক্টোবর ২০২৬, ১১:৪০ এএম
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: সংগৃহীত
-->রিয়াদে ম্যাক্রোঁকে সৌদি যুবরাজের অভ্যর্থনা, জ্বালানি সহযোগিতা জোরদারের সিদ্ধান্ত
সৌদি আরবের রাজধানী রিয়াদে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে অভ্যর্থনা জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
বুধবার (২১ অক্টোবর) দুই শীর্ষ নেতা বৈঠক করেন। বৈঠকে ফ্রান্স ও সৌদি আরবের দ্বিপক্ষীয় অংশীদারত্বের গভীরতা ও দৃঢ়তার বিষয়টি পুনর্ব্যক্ত করেন তারা।
ফরাসি প্রেসিডেন্সির এক বিবৃতিতে জানানো হয়, জরুরি, স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় সরবরাহব্যবস্থা সুরক্ষিত করার লক্ষ্যে বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফ্রান্সের জ্বালানির চাহিদা মেটাতে সৌদি আরবের সঙ্গে আগে হওয়া অতিরিক্ত ডিজেল সরবরাহের চুক্তির মেয়াদ প্রয়োজন অনুযায়ী বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে সৌদি কর্তৃপক্ষ।
ইয়ানবুতে অবস্থিত সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো সুরক্ষায় ফ্রান্সের সহযোগিতার জন্য রিয়াদ সন্তোষ প্রকাশ করেছে জানিয়ে ম্যাক্রোঁ জানান, নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করতে শিগগিরই দুই দেশ পরবর্তী আলোচনায় বসবে। পাশাপাশি হরমুজ প্রণালীকেন্দ্রিক ঝুঁকি কমাতে বিভিন্ন অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়নে ফ্রান্স ও সৌদি আরব যৌথভাবে কাজ করবে।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে সহিংস বিক্ষোভ শুরুর পর জ্বালানি তেল ও ডিজেলের সরবরাহ নিশ্চিত করা এবং বাজারদর নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে উপসাগরীয় অঞ্চল সফরে রয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। সূত্র: আরব নিউজ
অলি/
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ কানাডার বিরুদ্ধে
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১০:০০ এএম
আপডেট: ২২ অক্টোবর ২০২৬, ১০:১২ এএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
-->আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগ উঠেছে কানাডার বিরুদ্ধে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে কানাডার নেওয়া বিভিন্ন পদক্ষেপ, রাজনৈতিক বৈঠক এবং বিজ্ঞাপন প্রচারণাকে এই ‘নির্বাচনী হস্তক্ষেপে’র প্রমাণ হিসেবে দাবি করছে ওয়াশিংটন।
বুধবার (২১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের দূতাবাস অভিযোগ করেছে যে, কানাডা মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের আশঙ্কার বিষয়টি এড়িয়ে যাচ্ছে। অথচ তাদের মন্ত্রী ও প্রিমিয়েরা (প্রদেশ প্রধান) জনসম্মুখে এবং সরকারি নথিতে মার্কিন রাজনীতিতে প্রভাব বিস্তারের পরিকল্পনার কথা খোলাখুলিভাবেই স্বীকার করছেন।
মূলত ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু হয় এবং আমেরিকার শুল্কের জবাবে কানাডাও পালটা আমদানি শুল্ক আরোপ করে। তবে ওয়াশিংটনের দাবি, এসব শুল্ক নীতির বিরুদ্ধে কানাডার জনসমর্থন তৈরির প্রচেষ্টা মূলত আসন্ন ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে প্রভাবিত করারই একটি অংশ।
অভিযোগের তালিকায় কানাডার শিল্পমন্ত্রী মেলানি জোলির নামও রয়েছে। মার্কিন দূতাবাস জানিয়েছে, গত আগস্টে জোলি শুল্কের প্রতিবাদে মার্কিন অঙ্গরাজ্যগুলোকে লক্ষ্য করে রাজনৈতিক চাপ সৃষ্টি করার যে কথা বলেছিলেন এবং সেপ্টেম্বরে বস্টন ও শিকাগোতে ডেমোক্রেটিক কর্মকর্তাদের সঙ্গে যে বৈঠক করেছিলেন, তা এই হস্তক্ষেপের প্রমাণ।
তবে মেলানি জোলি এই অভিযোগ দৃঢ়ভাবে নাকচ করে জানিয়েছেন যে, কানাডা কখনোই মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করবে না এবং তার যুক্তরাষ্ট্র সফর ও বৈঠকগুলোর মূল উদ্দেশ্য ছিল দেশটির সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা ও বিনিয়োগ আকর্ষণ করা। এ ছাড়া অন্টারিওর প্রিমিয়ের ডগ ফোর্ডের পাল্টা শুল্ক আরোপের দাবি এবং শুল্কবিরোধী বিজ্ঞাপন প্রচারাভিযান নিয়েও আপত্তি তুলেছে ওয়াশিংটন।
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে মিত্র দেশ হলেও ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কে দূরত্ব ও উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। সূত্র: আল-জাজিরা
আজহার/
আরও পড়ুন
সৌদির দাম্মাম বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা, নিহত ৩
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৯:৪১ এএম
আপডেট: ২২ অক্টোবর ২০২৬, ১০:১১ এএম
ছবি: সংগৃহীত
-->সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে দাম্মাম বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলায় তিনজন নিহত এবং একাধিক ব্যক্তি আহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
বুধবার (২১ অক্টোবর) দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুইজন নিহত এবং অন্তত আটজন আহত হন বলে বৃহস্পতিবার ভোরে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে।
পৃথক এক ঘটনায়, দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানায় যে সৌদি আরামকোর 'শাইবাহ' তেলক্ষেত্রের একটি প্রক্রিয়াজাতকরণ স্থাপনা লক্ষ্য করে আসা ড্রোন আকাশেই ভূপাতিত করা হয়। ড্রোনের ধ্বংসাবশেষ নিচে খসে পড়লে অন্তত দুইজন নিহত ও অন্য দুইজন আহত হন। জ্বালানি মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, নিহতদের মধ্যে একজন ফিলিপিনো ও একজন নেপালি নাগরিক রয়েছেন।
এ ঘটনায় আহতদের মধ্যে একজন পাকিস্তানি ও একজন ভারতীয় নাগরিক রয়েছেন। ড্রোন হামলায় তেলক্ষেত্রের বাইরে ঠিকাদারি প্রতিষ্ঠানের একটি ট্রাকে আগুন ধরে গেলেও তেলক্ষেত্রের মূল কাজকর্ম স্বাভাবিক রয়েছে।
ইয়েমেনে বৈধতা পুনরুদ্ধারে সক্রিয় যৌথ জোট বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, বুধবার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং পবিত্র মদিনা এলাকাকে লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের ছোড়া অন্তত সাতটি ড্রোন সফলভাবে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। সূত্র: আরব নিউজ
আজহার/
