চুয়াডাঙ্গার জীবননগরে সাথী অটো রাইস মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে উপজেলার বাকা ব্রিকফিল্ড এলাকায় কালীগঞ্জ সড়কের পাশে অবস্থিত মিলটিতে এ আগুনের সূত্রপাত হয়। এতে গুদামে থাকা চালসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মিলের মালিক এসকে লিটন। প্রাথমিকভাবে পুরোনো জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে মিলের জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হলে কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর মিলের কর্মচারী ও আশপাশের লোকজন প্রথমে বালু ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তাঁদের চেষ্টা ব্যর্থ হয়।
পরে খবর পেয়ে জীবননগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
মিলটির ব্যবস্থাপনা পরিচালক এসকে লিটন জানান, প্রাথমিক হিসাব অনুযায়ী অগ্নিকাণ্ডে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জেনারেটর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণে সাথী অটো রাইস মিলের উৎপাদন কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব নিরূপণ করা হলে প্রকৃত ক্ষতির পরিমাণ জানা যাবে।
The post চুয়াডাঙ্গার জীবননগর অটো রাইস মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড appeared first on ভোরের চেতনা.
