পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য পরিষেবা মজবুত করতে অস্থায়ী কাউন্সেলর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইআইটি বম্বের স্টুডেন্ট ওয়েলনেস সেন্টার (এসডব্লিউসি)। মোট ৩০ জনকে নিয়োগ করা হবে। এর মধ্যে ২৬টি স্টুডেন্ট কাউন্সেলর এবং ৪টি সিনিয়র কাউন্সেলর পদ রয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনের শেষ দিন ১৭ অক্টোবর। সাক্ষাৎকার নেওয়া হবে ১২ থেকে ১৮ অক্টোবরের মধ্যে। নির্বাচিত প্রার্থীরা ১৫ অক্টোবর থেকেই কাজে যোগ দিতে পারবেন।
দ্বিতীয় বর্ষের বিটেক পড়ুয়া সাহিল ওয়াকোড়ের মৃত্যুর পর এই উদ্যোগ নিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ১৮ সেপ্টেম্বর সেমেস্টারের পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার করতে দেখা যাওয়ার কয়েক ঘণ্টা পর তাঁর আত্মহত্যার অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে বড় আকারে ছাত্রবিক্ষোভ হয়। পড়ুয়ারা প্রতিষ্ঠানের প্রায় ১৪ হাজার শিক্ষার্থীর জন্য মানসিক স্বাস্থ্য পরিষেবা যথেষ্ট নয় বলে অভিযোগ করেন এবং ডিরেক্টর অধ্যাপক শিরীষ কেদারেকে পরিষেবা সম্প্রসারণ-সহ একাধিক দাবি জানানো হয়।
এর পর পড়ুয়াদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। গত সপ্তাহে ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্সের অধীনে অতিরিক্ত অ্যাসোসিয়েট ডিন নিয়োগের কথা জানানো হয়। পাশাপাশি, হস্টেলগুলিতে ‘স্টুডেন্ট ওয়েলনেস সেক্রেটারি’ নিয়োগের পরিকল্পনাও করা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীদের ক্লিনিক্যাল, কাউন্সেলিং অথবা সোশ্যাল সাইকোলজিতে বিশেষজ্ঞতা-সহ মনোবিজ্ঞানে এমএ বা এমএসসি ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া, ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর বা সমতুল্য গ্রেডও প্রয়োজন।
চারটি সিনিয়র কাউন্সেলর পদের জন্য প্রার্থীর সংশ্লিষ্ট ডিগ্রি অর্জনের পর অন্তত ১০ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। স্টুডেন্ট কাউন্সেলর পদের ক্ষেত্রে প্রার্থীর অন্তত দু’বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
এ ছাড়া, কিশোর-কিশোরী ও তরুণদের সঙ্গে কাজ, আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ এবং সঙ্কটজনক পরিস্থিতি সামলানোর অভিজ্ঞতা থাকলে তাদেঁর অগ্রাধিকার দেওয়া হবে। ইংরেজি ও হিন্দির পাশাপাশি অন্যান্য ভারতীয় ভাষায় দক্ষতাও কাম্য।
