তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশে পর্যটকবাহী বাসের সঙ্গে কাঠবোঝাই একটি ট্রাকের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। রোববার (১১ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টার দিকে আকহিসার এলাকার গেবজে-ওরহানগাজি-ইজমির মহাসড়কের টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির বরাতে জানা গেছে, বুরসা থেকে ইজমিরের দিকে যাচ্ছিল পর্যটকবাহী বাসটি। বাসটির সঙ্গে একটি ভারী যানবাহনের সংঘর্ষের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স, পুলিশ, ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল পাঠানো হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী কেমাল মেমিসোগলুর দেওয়া তথ্য অনুযায়ী, আহত ২৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, ১৮ জনের অবস্থা মাঝারি এবং আটজনের শারীরিক অবস্থা ভালো।
দুর্ঘটনার পর মানিসা প্রদেশের গভর্নর ভাহদেত্তিন ওজকান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি উদ্ধারকাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন। তিনি দুর্ঘটনায় ১১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তুরস্কের দোগান নিউজ এজেন্সির (ডিএইচএ) প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক তথ্যানুযায়ী, বাসটি আকহিসার টোল প্লাজা অতিক্রম করতে না পেরে পেছনের দিকে যাওয়ার সময় পেছন থেকে আসা কাঠবোঝাই একটি ভারী ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে উভয় যানবাহন সড়কের বিভাজকের দিকে উল্টে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দুর্ঘটনায় আহত বাসচালককে হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে আনাদোলু এজেন্সি ও আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফচি জানিয়েছেন, দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি), পুলিশ, জেন্ডারমেরি, ফায়ার সার্ভিস ও জরুরি স্বাস্থ্যসেবা বিভাগের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। দুর্ঘটনাকবলিত যানবাহন সরানো এবং সড়ক পরিষ্কারের কাজও শুরু করা হয়।
দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে। মানিসা প্রদেশের প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয়ের সমন্বয়ে এ তদন্ত পরিচালিত হচ্ছে। তদন্তের চূড়ান্ত ফল প্রকাশের আগে দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।
মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। দুর্ঘটনার কারণ এবং দায়দায়িত্ব নির্ধারণে তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
The post তুরস্কে পর্যটকবাহী বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ appeared first on ভোরের চেতনা.
