ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় কক্সবাজারে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। এ উপলক্ষে জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে চলছে পূজা-প্রার্থনা, প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস ওড়ানোসহ নানা আয়োজন।
রোববার (২৫ অক্টোবর) বিকেল থেকে শহরের অগ্গমেধা ক্যাং ও মহাসিংদোগ্রী বৌদ্ধ বিহারসহ বিভিন্ন বিহারে ভিড় করেন পূর্ণার্থী ও দর্শনার্থীরা। বর্ণিল আলোকসজ্জা ও দৃষ্টিনন্দন প্যান্ডেলে উৎসবমুখর হয়ে ওঠে বৌদ্ধপল্লিগুলো।
কক্সবাজার রাখাইন একতা সংঘের সভাপতি উসেন থোয়েন বলেন, প্রবারণা পূর্ণিমার মূল শিক্ষা আত্মশুদ্ধি, সত্য ও সুন্দরকে বরণ এবং অসত্যকে বর্জন করা। মানুষের মধ্যে অহিংসা, সাম্য, মৈত্রী ও দয়ার চর্চা বাড়ুক—এটাই তাঁর প্রত্যাশা।
কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের সাবেক পরিচালক মং এ খেন বলেন, প্রবারণা উৎসবে সব ধর্মের মানুষের অংশগ্রহণ সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করছে।
সোমবার (২৬ অক্টোবর) রামুতে এবং মঙ্গলবার (২৭ অক্টোবর) কক্সবাজার সমুদ্রসৈকতে কল্পজাহাজ ভাসানোর মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে। এরপর মাসজুড়ে চলবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আয়োজন কঠিন চীবর দানোৎসব।
এমএস/
