সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে পাওয়া গেছে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে লেখা একটি আবেদনপত্র। এতে বিএনপির সদস্য হতে এসএসসি এবং কর্মী হতে এইচএসসি পাস বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছেন এক ব্যক্তি। পাশাপাশি দলের রাজনীতিতে পরিবর্তন আনার আহ্বানও জানিয়েছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) সকালে মাজারের তিনটি ডেগ ও পাঁচটি দানবাক্সের টাকা গণনার সময় এ আবেদনপত্র পাওয়া যায়। সকাল ১০টায় গণনা শুরুর প্রায় এক ঘণ্টা পর টাকার স্তূপের মধ্যে আবেদনপত্রটি পাওয়া যায়।
আবেদনপত্রে প্রস্তাব দেয়া হয়েছে, বিএনপির সদস্য হতে এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.৫০ এবং কর্মী হতে এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.৫০ থাকতে হবে। এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার আগে কাউকে বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার সুযোগ না দেয়ার কথাও উল্লেখ করেছেন লেখক।
আবেদনপত্রে নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে লেখক জানান, ২০১১ সালে তিনি রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। একই বছর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথাও উল্লেখ করেন তিনি। শিক্ষাগত যোগ্যতার ঘাটতি থাকা ব্যক্তিদের কারণে রাজনীতিতে হতাশ হওয়ার ইঙ্গিত দিয়ে দলীয় রাজনীতিতে পরিবর্তনের আহ্বান জানান লেখক।
আবেদনপত্রের শেষে ইংরেজিতে লেখা রয়েছে, ‘I want the change to come through you.....’। যার বাংলা অর্থ, ‘আমি চাই, আপনার মাধ্যমেই পরিবর্তন আসুক।’
তবে চিঠিতে লেখকের নাম বা পরিচয় উল্লেখ নেই। বিএনপির শিক্ষাগত যোগ্যতা নিয়ে তার প্রস্তাবের বিষয়ে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, শুধু বিএনপি নয়, সব রাজনৈতিক দলেরই ন্যূনতম ইন্টারমিডিয়েট পাসের আগে কাউকে রাজনীতিতে সম্পৃক্ত না করার বিষয়টি বিবেচনা করা উচিত। তার মতে, রাজনীতিতে দুর্বৃত্তায়ন ঠেকাতে মেধাবীদের রাজনীতিতে সম্পৃক্ত করা জরুরি।
গত ২৩ সেপ্টেম্বর শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে গঠিত কমিটির সভায় দানবাক্সের টাকা নিয়মিত গণনার সিদ্ধান্ত হয়।
