কালবেলা · দেশ
৪৫তম বিসিএসে নিয়োগপ্রাপ্তদের জন্য ৫ নির্দেশনা
১৫/১০/২০২৬

৪৫তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত ১ হাজার ৭০২ প্রার্থীর নামে গেজেট প্রকাশ করেছে সরকার। নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বর সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে। এছাড়া শিক্ষানবিশকাল, প্রশিক্ষণ ও চাকরি ছাড়ার ক্ষেত্রে কয়েকটি শর্ত দেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতন স্কেলের নবম গ্রেডে ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা বেতনস্কেলে নিয়োগ দেওয়া হয়েছে। চাকরিতে যোগদানের পর তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পেশাগত ও বিশেষ ধরনের প্রশিক্ষণ নিতে হবে।
নিয়োগপ্রাপ্তদের জন্য পাঁচ নির্দেশনা
নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের আগামী ১ নভেম্বর ২০২৬ তারিখে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে। তাদের বেতনস্কেল হবে নবম গ্রেডে ৪৪,০০০ থেকে ১,০৫,৯০০ টাকা।
নিয়োগপ্রাপ্তদের চাকরিসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পেশাগত ও বিশেষ ধরনের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী এ প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।
নিয়োগপ্রাপ্তদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। প্রয়োজনে সরকার এ শিক্ষানবিশকাল আরও সর্বোচ্চ দুই বছর বাড়াতে পারবে।
নিয়োগপ্রাপ্তদের একজন জামানতদারসহ ৩০০ টাকা মূল্যের নন-জুডিসিয়াল স্ট্যাম্পে বন্ড সম্পাদন করতে হবে। এতে অঙ্গীকার করতে হবে, শিক্ষানবিশকালে অথবা শিক্ষানবিশকাল শেষ হওয়ার পরবর্তী তিন বছরের মধ্যে চাকরি থেকে ইস্তফা দিলে প্রশিক্ষণকালে পাওয়া বেতন-ভাতা, প্রশিক্ষণের জন্য উত্তোলিত অগ্রিম, ভ্রমণভাতা ও অন্যান্য ভাতাসহ প্রশিক্ষণের পেছনে ব্যয়িত সমুদয় অর্থ ফেরত দিতে হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো নিয়োগপ্রাপ্ত প্রার্থী বিদেশি নাগরিককে বিয়ে করে থাকলে অথবা বিয়ে করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে থাকলে তার নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছিল ২০২৫ সালের ২৭ নভেম্বর। এর প্রায় ১১ মাস পর নিয়োগের গেজেট প্রকাশ করা হলো।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ বিসিএসে ১ হাজার ৮০৭ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করেছিল। তবে প্রকাশিত গেজেটে স্থান পেয়েছেন ১ হাজার ৭০২ জন। সে হিসাবে সুপারিশপ্রাপ্ত ১০৫ জন প্রার্থী এবার নিয়োগের গেজেটে স্থান পাননি।
নিয়োগের শর্ত ও অন্যান্য নির্দেশনার বিস্তারিত তথ্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗