উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে কমতে শুরু করেছে তাপমাত্রা। কুয়াশার চাদরে ঢেকে থাকছে চারপাশ বাড়ছে শীতের অনুভূতি।
আজ রোববার (২৫ অক্টোবর) সকাল ৯ টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে গতকাল একই সময় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করলেও আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস।
রাত থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ যা পরদিন সকাল পর্যন্ত শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিচ্ছে। ঘন কুয়াশায় যানবাহন গুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। চোখের দৃশ্যমানতা কমছে বলে জানিয়েছে গাড়ি চালকেরা।
এদিকে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে কাঞ্চনজঙ্ঘা দেখতে আসা তেঁতুলিয়ায় পর্যটকেরা। তারা বলছে অন্যান্য জেলার চেয়ে পঞ্চগড়ে আগে ভাগেই শীত নামে সেটা অনেকে শুনেছে কিন্তু এখন তারা বাস্তবে দেখছে।
একদিকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য অপরদিকে শীতের অনুভূতি বেশ ভালোভাবেই উপভোগ করছেন বলে জানিয়েছেন পর্যটকরা। অনেকে আবার পরামর্শ দিচ্ছেন আগত কাঞ্চনজঙ্ঘা দেখতে আসা পর্যটকেরা যেন শীতের গরম কাপড়-চোপড় নিয়ে পঞ্চগড় ভ্রমণ করেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, পঞ্চগড়ে তাপমাত্রা কমতে শুরু করেছে, সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত কুয়াশার প্রবণতা বাড়ছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছেন তিনি। তবে দিনের তাপমাত্রা বেশি হওয়ায় গরম ও রাতে ঠান্ডা অনুভূত হচ্ছে।
