কালবেলা · আন্তর্জাতিক
দাবানলে পুড়ল ৫৭০ একর এলাকা, ঘর ছাড়া হাজারো মানুষ
১৮/১০/২০২৬

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অরেঞ্জ কাউন্টিতে দাবানলে ৫৭০ একর এলাকা পুড়ে গেছে। আগুনে সাতটি বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। পরিস্থিতির উন্নতি হওয়ায় শনিবার রাতে সব উচ্ছেদ নির্দেশ তুলে নেওয়া হয়। তবে আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা।
শুক্রবার দুপুরে সান ক্লেমেন্তে এলাকায় আগুনের সূত্রপাত হয়। প্রবল বাতাসে দ্রুত ছড়িয়ে পড়া আগুনের কারণে হাজারো মানুষকে বাড়িঘর ছাড়তে হয়। একপর্যায়ে প্রায় ৪ হাজার ৬০০টি বাড়ি ও ১৬ হাজার মানুষ উচ্ছেদের আওতায় ছিলেন।
অরেঞ্জ কাউন্টি ফায়ার অথরিটি জানিয়েছে, শনিবার পর্যন্ত আগুনের ২৫ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আবহাওয়া ও এলাকার ভূপ্রকৃতির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান টি জে ম্যাকগভর্ন।
দাবানলে কোনো বাসিন্দার আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে দুই দমকলকর্মী আহত হয়েছেন। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
উচ্চ তাপমাত্রা ও সান্তা আনা নামের প্রবল শুষ্ক বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। একই এলাকায় আরেকটি বড় দাবানলও ছড়িয়ে পড়েছে। সান ডিয়েগো কাউন্টির ক্যাম্প পেন্ডলটনে হেন্ডারসন দাবানলে ইতোমধ্যে ২ হাজার ৭৯ একর এলাকা পুড়ে গেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
মূল প্রতিবেদনে যান ↗