জামালপুরের মেলান্দহে সাংবাদিক, পুলিশ ও প্রশাসনের সদস্যদের পেটানোর হুমকি দেওয়ার অভিযোগে মো. আজমাইন হোসেন লাঞ্জু (২২) নামের এক ছাত্রদল কর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে মেলান্দহ উপজেলা পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।
আজমাইন হোসেন উপজেলার পূর্ব মালঞ্চ এলাকার সুজা মিয়ার ছেলে। তিনি মেলান্দহ উপজেলা ছাত্রদলের কর্মী বলে জানা গেছে।
জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডে আজমাইনকে সাংবাদিক, পুলিশ ও প্রশাসনের সদস্যদের মারধরের হুমকি দিতে শোনা যায়।
অডিওতে তাকে বলতে শোনা যায়, ‘ওই মিয়া, রানিং ক্ষমতায় বিএনপি। দু-চারটা সাংবাদিক, পুলিশ ও প্রশাসন যদি পিটাপিটি না করতে পারি ছাত্রদল হয়ে, তাহলে কী হলো বলেন। চলেন, জুয়েল ভাই যদি বলে, তাহলে সেই লেভেলের সাংবাদিকদের পিটুনি দেই। পরে এমপি সাহেবের সঙ্গে কথা বলে চালান দিমু।’
মেলান্দহ উপজেলা ছাত্রদলের একটি মেসেঞ্জার গ্রুপে অডিও রেকর্ডটি পাঠানোর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে আজমাইন হোসেনকে আটক করে। তবে কী কারণে তিনি সাংবাদিকদের বিরুদ্ধে এমন হুমকি দিয়েছেন, তা জানা যায়নি।
জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, সাংবাদিক, পুলিশ ও প্রশাসনের সদস্যদের পেটানোর হুমকি দেওয়ার ঘটনায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।
