প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১২:৪৩ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৭.৬২ ক্যালিবারের ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ মো. শামিম (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের জয়নগর বাজার থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার উপপরিদর্শক (এসআই) কাজী ছানোয়ার হোসেন অভিযান চালিয়ে তাকে আটক করেন।
আটক শামিম কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ভর ঠুঠা গ্রামের আলামিনের ছেলে। তিনি পেশায় ডেকোরেশনের ভ্যানচালক।
পুলিশ সূত্রে জানা যায়, আটকের সময় শামিমের কাছ থেকে ৭.৬২ ক্যালিবারের ৯ রাউন্ড চাইনিজ গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কসবা থানার উপপরিদর্শক (এসআই) কাজী ছানোয়ার হোসেন জানান, এ ঘটনায় মামলা রেকর্ডের প্রক্রিয়া চলছে।
