বান্দরবানে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম আহ্বায়ক শৈক্যচিং মারমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার জেলা শহরের শিশুপার্কসংলগ্ন শৈক্যচিং মারমার নিজ মালিকানাধীন ‘সাইনি রিসোর্ট’ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ।
পুলিশ ও ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, ভুক্তভোগী তরুণী শহরের জমজম গলি এলাকার বাসিন্দা। শৈক্যচিং মারমা তাঁকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই রিসোর্টে নিয়ে যেতেন। অভিযোগ অনুযায়ী, গতকাল শুক্রবারও তাঁকে সাইনি রিসোর্টে এনে ধর্ষণ করা হয়। ঘটনার একপর্যায়ে রিসোর্টের ভেতর থেকে ভুক্তভোগীর চেঁচামেচির শব্দ শুনে পাশের শিশুপার্কের দর্শনার্থী ও পথচারীরা বাইরে জড়ো হন। পরে স্থানীয়রা বিষয়টি প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত শৈক্যচিং মারমাকে আটক করে।
এদিকে স্থানীয় অধিবাসী নুরুল আলম অভিযোগ করেন, পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করে অনুমোদন ছাড়াই এনসিপির রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে রিসোর্টটি তৈরি করা হয়েছে। সেখানে দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত হয়ে আসছে বলেও তিনি দাবি করেন।
ওসি মাসুদ পারভেজ বলেন, বিষয়টি জানার পর পুলিশ দ্রুত ওই তরুণীকে রিসোর্ট থেকে থানায় নিয়ে আসে। তাঁর কাছ থেকে বিস্তারিত তথ্য জানার পর শৈক্যচিং মারমাকে গ্রেপ্তার করা হয়। ওই তরুণী নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। শৈক্যচিংকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
