কক্সবাজার,১৭ অক্টোবর-কক্সবাজারের মেরিনড্রাইভে ‘টুপটুপ’ নামের একটি রিসোর্টে ভয়াবহ আগুন লেগেছে। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অন্তত পাঁচজন নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, হতাহত সবাই পর্যটক।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৮টার দিকে মেরিনড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ড ঘটে।
বেলা ১১টার দিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, ওই রিসোর্টে ২৭ জনের প্রবেশের তথ্য ছিল। তাদের মধ্যে ৯ জন রিসোর্টের বাইরে ছিলেন। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত তথ্য জানানো সম্ভব নয়।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিমন ঘোস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধারকাজে অংশ নেয়। এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও কেউ নিখোঁজ রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আগুনে তাদের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। তাদের হাসপাতালে নেওয়া হচ্ছে।
অন্যদিকে, অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে।
এস এম/ ১৭ অক্টোবর ২০২৬
