রাজধানীর উত্তরায় পরিবার ও শিশুদের আনন্দময় সময় কাটানোর নানামুখী আয়োজন নিয়ে আজ শনিবার (১৭ অক্টোবর) শেষ হচ্ছে তিন দিনব্যাপী ‘টগুমগু শরৎ মেলা’।
উত্তরার ১২ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের ৯ নম্বর বাড়িতে অবস্থিত ‘টগুমগু প্যারেন্টিং হাব’-এ গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এই মেলার সূচনা হয়। আজ রাত ১০টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
পরিবারকেন্দ্রিক এই মেলায় দেশীয় উদ্যোক্তাদের জুয়েলারি, কসমেটিকস, পোশাক, হোম ডেকোরেশন সামগ্রী, শিশুদের খেলনা ও ইলেকট্রনিক্স পণ্যসহ বৈচিত্র্যময় স্টল স্থান পেয়েছে। পাশাপাশি দর্শনার্থী ও শিশুদের স্বাদ বদলাতে রয়েছে ঐতিহ্যবাহী নানা খাবারের আয়োজন।
শুধু কেনাকাটাই নয়, মেলায় শিশুদের বিনোদন ও মনস্তাত্ত্বিক বিকাশে আয়োজন করা হয়েছে পাপেট শো, ম্যাজিক শো এবং ক্রাফটিং ওয়ার্কশপ। এ ছাড়া পরিবারের সবাই মিলে উপভোগ করার জন্য রাখা হয়েছে বিনামূল্যে চলচ্চিত্র প্রদর্শনীর বিশেষ ব্যবস্থা।
আয়োজকেরা জানান, ব্যস্ত নাগরিক জীবনে পরিবারের সদস্যদের একছাদের নিচে মানসম্মত সময় কাটানোর সুযোগ তৈরি করা এবং শিশুদের সৃজনশীল বিকাশে সহায়তা করাই এই মেলার প্রধান উদ্দেশ্য। মেলার শেষ দিনে দর্শনার্থীদের পদচারণায় মুখর রয়েছে উত্তরা প্রাঙ্গণ।
