অস্ট্রেলিয়ার বিপক্ষে নারী দলের চলমান ওয়ানডে সিরিজে ভালো করতে পারছে না বাংলাদেশ। ইতোমধ্যে দুই ম্যাচে হেরেছে। তবে দ্বিতীয় ওয়ানডেতে ব্যক্তিগত নৈপূণ্য দেখিয়েছেন সোবহানা মোস্তারি আর নিগার সুলতানা জ্যোতি। সোবহানা তো ইতিহাস গড়েছেন। এবার সেটার পুরস্কার পেলেন।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) নারী ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানে বড় লাফ দিয়েছেন জ্যোতি আর সোবহানা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের ওয়ানডেতে দল যখন বিপদে তখন দলের হাল ধরেন সোবহানা আর জ্যোতি। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেন সোবহানা। ১৩৪ বল থেকে ১৮টি চার ১১৮ রানের নান্দনিক ইনিংস খেলেন তিনি। যা বাংলাদেশের নারী ওয়ানডে ক্রিকেটের ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস।
সেই একই ম্যাচে বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে সোবহানার সঙ্গী হয়ে চতুর্থ উইকেটে ১৯৫ রানের পাহাড়সম রেকর্ড জুটি গড়েন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যক্তিগত ৭৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন এই উইকেটরক্ষক-ব্যাটার। এই দুই ব্যাটারের ঐতিহাসিক জুটিতে ভর করেই মাত্র ৮ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশ শেষ পর্যন্ত ৬ উইকেটে ২২০ রানের সম্মানজনক পুঁজি দাঁড় করাতে পেরেছিল।
আইসিসির প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় সমান ১১ ধাপ করে এগিয়েছেন সোবহানা ও জ্যোতি। বর্তমানে ৫৩৫ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের ৩৫তম স্থানে আছেন সোবহানা। অন্যদিকে, ৫৬৬ রেটিং পয়েন্ট নিয়ে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বর্তমান অবস্থান ২৫ নম্বরে। এ ছাড়া ব্যাটারদের তালিকায় ১০ ধাপ এগিয়ে ৭৮তম স্থানে উঠে এসেছেন মিডল অর্ডার ব্যাটার রিতুমনি।
তবে সুখবরের দিনে কিছুটা পিছিয়েছেন অন্য দুই অভিজ্ঞ ব্যাটার। ৫ ধাপ অবনতি হয়ে ৩০ নম্বরে নেমে গেছেন শারমিন আক্তার এবং ১২ ধাপ পিছিয়ে ৬৭তম স্থানে অবস্থান করছেন ফারজানা হক।
এদিকে নারী ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতীয় তারকা ওপেনার স্মৃতি মান্ধানা (৭৯০ রেটিং পয়েন্ট)। তালিকার দুই নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার লরা ওলভার্ট এবং তিন নম্বরে আছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথিউস।
এ ছাড়া যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার দুই তারকা ব্যাটার বেথ মুনি ও ফোবে লিচফিল্ড।
সংশ্লিষ্ট সংবাদ: নিগার সুলতানা জ্যোতি
২৮ সেপ্টেম্বর ২০২৬
২০ সেপ্টেম্বর ২০২৬
১৫ সেপ্টেম্বর ২০২৬
