অনলাইন ডেস্ক
দীর্ঘ ১৭ বছরের লন্ডনের নির্বাসিত জীবন শেষে আগামী ২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । সম্প্রতি বিএনপি মহাসচিবের ঘোষণার পর মঙ্গলবার লন্ডনের এক অনুষ্ঠানে তারেক রহমান নিজেও এ তথ্য জানিয়েছেন।
একইসঙ্গে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে দেশটিতে থাকা দলের নেতাকর্মীদের বিদায় জানাতে ভিড় না করার আহ্বান জানিয়েছেন তিনি। তবে দেশের বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। তারেক রহমানের স্বদেশপ্রত্যাবর্তন দিবসটিকে স্মরণীয় করে রাখতে স্মরণকালের বৃহত্তম গণজমায়েতের পরিকল্পনা করছে দলটি। ওইদিন রাজধানী ঢাকাকে জনসমুদ্রে পরিণত করতে চায় তারা।
ইতিমধ্যে গুলশান কার্যালয়ে প্রস্তুতি সভা করেছে দলটি। গঠন করা হয়েছে অভ্যর্থনা কমিটিও। তারেক রহমানের নিরাপত্তায় নিয়োগ দেওয়া হয়েছে ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা’। কেনা হয়েছে বুলেটপ্রুফ গাড়ি। প্রস্তুতি করা হয়েছে গুলশানের বাসভবন। নতুন করে সাজানো হয়েছে গুলশান ও নয়াপল্টন কার্যালয়ের কক্ষ। বিএনপি’র দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, স্বৈরাচার হাসিনার রোষানলে পড়ে দীর্ঘদিন লন্ডনে নির্বাসিত জীবন শেষে তারেক রহমানের ঘোষণায় জেলায় জেলায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে উচ্ছ্বাস। কেন্দ্রীয় নেতাদের নির্দেশনার আগেই তৃণমূল নেতাকর্মীরা নিজেরাই যানবাহন ভাড়া করছেন। শুধু ঢাকা নয়, দেশের সবগুলো জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায় থেকে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ সংবর্ধনায় যোগ দেবেন। তারা বাস, ট্রাক, মাইক্রো, লঞ্চ, ট্রেন ও বিমানযোগে আসবেন।
উত্তরাঞ্চলের জেলা উপজেলা থেকে আসা নেতাকর্মীদের গাড়িবহর টঙ্গীর ইজতেমা মাঠে রাখা হবে। সেখান থেকে হেঁটে বিমানবন্দর সড়কে জড়ো হবেন তারা। এ ছাড়া পূর্বাঞ্চলের জেলা উপজেলা থেকে নেতাকর্মীদের গাড়িবহর পূর্বাচলের তিনশ ফিট সড়কের উভয়পাশে খালি জায়গায় পার্কিং করা হবে। সেখান থেকে হেঁটে নেতাকর্মীরা বিমানবন্দর সড়কে আসবেন। এ ছাড়া বিভিন্ন জেলা থেকে ট্রেনে করে নেতাকর্মী আসবেন। বিমানবন্দর স্টেশনে নেমে সংবর্ধনায় যোগ দেবেন। তাই সাধারণ মানুষের যানজটের ভোগান্তি এড়াতে তারেক রহমানের ফেরার ক্ষণটি বড়দিনের ছুটিকে বেছে নেওয়া হয়েছে।
বিমানবন্দরে দলের সিনিয়র নেতারা থাকবেন। আর বিমানবন্দরের বাইরে থেকে গুলশান কার্যালয় পর্যন্ত বিস্তৃত হবে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। তবে বিমানবন্দর থেকে তারেক রহমানের সরাসরি এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়ার কথা রয়েছে। সেজন্য বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতাল পর্যন্ত নেতাকর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তারেক রহমানকে সংবর্ধনা জানাবেন।
