নারায়ণগঞ্জের ফতুল্লার আলোচিত ‘কোবরা গ্রুপ’-এর প্রধান সোহেল খন্দকারকে বিদেশি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি ও হেরোইনসহ গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। রোববার (১১ অক্টোবর) রাত ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর থানার মিশনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে এসআরবি-১১-এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাহিনীটির অধিনায়ক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ এসব তথ্য জানান।
তিনি জানান, অভিযানের সময় সোহেল খন্দকারের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি, ৭০ পুরিয়া বা ১০ গ্রাম হেরোইন এবং একটি পকেট রাউটার উদ্ধার করা হয়েছে।
এসআরবি-১১-এর তথ্য অনুযায়ী, সোহেল খন্দকার দীর্ঘদিন ধরে ফতুল্লার কাঠেরপুল, শিবু মার্কেট, লামাপাড়া ও আশপাশের এলাকায় মাদক কারবার, চাঁদাবাজি এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। কাঠেরপুল এলাকায় একাধিক মাদকের আস্তানা পরিচালনা এবং এলাকায় প্রভাব বিস্তারের জন্য তিনি কিশোর গ্যাং ও সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছিলেন বলে জানিয়েছে বাহিনীটি।
অভিযোগ অনুযায়ী, কিশোর গ্যাংয়ের সদস্যদের হাতে অস্ত্র ও মাদক তুলে দিয়ে বিভিন্ন এলাকায় মহড়া দেওয়া হতো। এর মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হতো।
এসআরবি-১১ আরও জানায়, সোহেল খন্দকার ও তার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে স্থানীয় পোশাক কারখানা, ব্যবসায়ী এবং ঝুটের গুদামের মালিকদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ রয়েছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও ঝুট লুটের মতো ঘটনা ঘটানো হতো বলেও অভিযোগ রয়েছে।
বাহিনীটির দাবি, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সহিংসতা ও হত্যাচেষ্টাসহ সোহেল খন্দকারের বিরুদ্ধে ১৫টির বেশি মামলা রয়েছে। এর আগে একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে মুক্তি পেয়ে তিনি আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তেন বলে জানিয়েছে এসআরবি-১১।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বাহিনীটি।
