জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতের সময় নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা নিশ্চিত করতে বাসগুলোতে রাউটার স্থাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৩ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেনের নিজস্ব উদ্যোগে এই ব্যবস্থা নেওয়া হয়।
গতকাল বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ‘উল্কা-২’ ও ‘উত্তরণ-২’ বাস দুটিতে রাউটার স্থাপন করা হয়।
এর আগে রাউটার দুটি বিশ্ববিদ্যালয়ের পরিবহণ প্রশাসক অধ্যাপক ড. মো. তারিক বিন আতিক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) পরিবহণ সম্পাদক মো. মাহিদ হোসেনের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন এলাকা ও দূরদূরান্ত থেকে অনেক শিক্ষার্থী নিয়মিত বাসে করে ক্যাম্পাসে যাতায়াত করেন। দীর্ঘ যাত্রাপথে মোবাইল ইন্টারনেট বা পর্যাপ্ত ডাটা না থাকা এবং নেটওয়ার্ক জটিলতার কারণে পড়াশোনা ও অ্যাসাইনমেন্টের নানা কাজে বেগ পেতে হয়। শিক্ষার্থীদের এই দুর্ভোগ কমাতেই বাসগুলোতে ওয়াই-ফাই চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।
উত্তরণ বাসের যাত্রী ও ভূগোল এবং পরিবেশ বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাসে যাতায়াতের সময় পড়াশোনা ও অ্যাসাইনমেন্টের কাজে ইন্টারনেটের খুব প্রয়োজন হয়। কিন্তু ডাটা বা নেটওয়ার্ক সমস্যার কারণে তা ব্যবহার করা সম্ভব হতো না। বাসে রাউটার স্থাপনের উদ্যোগটি আমাদের জন্য বেশ উপকারী হবে।
ছাত্রদল নেতা মো. শাহরিয়ার হোসেন বলেন, শিক্ষার্থীদের যাতায়াতের সময়টুকু যেন গঠনমূলক কাজে লাগে, সে ভাবনা থেকেই বাসে রাউটার স্থাপনের এই উদ্যোগ নেওয়া। অনেক শিক্ষার্থী দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্যাম্পাসে আসেন। শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি কিছুটা কমাতে এবং অনলাইন কার্যক্রমে সহায়তা করতেই আমার এই চেষ্টা। ভবিষ্যতেও শিক্ষার্থীদের স্বার্থে এ ধরনের কাজ অব্যাহত থাকবে।
জকসুর পরিবহণ সম্পাদক মো. মাহিদ হোসেন এবং পরিবহণ প্রশাসক অধ্যাপক ড. মো. তারিক বিন আতিক এই উদ্যোগের প্রশংসা করেন।
