স্টাফ রিপোর্টার।।
খুলনা নগরীর ব্যস্ততম এলাকা দক্ষিণ টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে ধনঞ্জয় কুন্ডু ওরফে আকাশ কুন্ডু (৪৫) নামের এক মুদি দোকানদার গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে খুলনা থানাধীন দক্ষিণ টুটপাড়া ২ নং ক্রস রোড এলাকার গাছতলা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।
আহত ধনঞ্জয় কুন্ডু গাছতলা মন্দিরের পূর্ব পাশের গলির বাসিন্দা শিবপদ কুন্ডু ও বিনা রানী কুন্ডুর ছেলে। তিনি স্থানীয় গাছতলা মন্দির মোড় এলাকায় মুদি ব্যবসা পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে একটি মোটরসাইকেলে দুজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত গাছতলা মন্দিরের সামনে এসে ধনঞ্জয় কুন্ডুকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায়। এতে গুলিটি সরাসরি তার পেটে বিদ্ধ হয় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর পেয়ে খুলনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, কারা এবং কী কারণে এ গুলি বর্ষণের ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িত দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যেই অভিযান শুরু করেছে।
এর আগে সকালে তেরখাদায় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন যুবদল নেতা মো. রামীম বিশ্বাস (৩২)।
