অভিনয়ে তার খুব অল্প সময়ের ক্যারিয়ার। কিন্তু এই অল্প সময়েই সাবলীল অভিনয় দিয়ে আলোচনায় শিরতাজ জেবিন। বেছে বেছে কাজ করছেন তিনি। সর্বশেষ ‘মায়াপাখি’ এবং ‘অভিযান’ নাটকে অভিনয় করেও বেশ প্রশংসা কুঁড়িয়েছেন শিরতাজ। তবে প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন এই অভিনেত্রী। নির্মাতা মো. সামছুল হুদার পরিচালনায় ‘তুমি শ্রেষ্ঠ একজন’ শিরোনামের গানে তাকে দেখা যাবে। এতে তার সহশিল্পী মেহরাজ খান।
এটি সিনেজগত ইউটিউব চ্যানেলের জন্য নির্মিত হয়েছে। গানটি লিখেছেন, সুর করেছেন এবং গেয়েছেন রুবেল খন্দকার। মিউজিক করেছেন এমএমপি রনি। মিউজিক ভিডিওতে সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন আরিয়ান, কোরিওগ্রাফার হিসেবে ছিলেন রোহান বিল্লাল এবং মেকাপে ছিলেন সানী। কস্টিউম ডিজাইন করেছেন আদি অভি। সম্প্রতি রাজধানীর অদূরে একটি রিসোর্টে গানটির দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ।
এ প্রসঙ্গে নির্মাতা সামছুল হুদা বলেন, ‘শিরতাজ জেবিন এর আগে অনেক নাটকে অভিনয় করেছেন। কিন্তু নাটকে তার গ্ল্যামারকে সেভাবে ফুটিয়ে তোলার কোনো সুযোগ ছিল না। এই গানটি যেহেতু তাকে কেন্দ্র করেই, গানের কথাগুলো বারবার তাকে নিয়েই সে কারণে আমরা তাকে সর্বোচ্চ সুন্দরভাবে, শতভাগ গ্ল্যামারাসভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। এর আগে শিরতাজকে এতটা সুন্দরভাবে আর কেউই কোনো কাজে তুলে ধরতে পারেনি। আমার বিশ্বাস এই কাজ শিরতাজের জীবনে সিগনেচার কাজ হিসেবে আজীবন বিবেচিত হবে। আর মেহরাজ নতুন হিসেবে এই গানের ভিডিওতে দারুণ পারফর্ম করেছে। আমি খুবই আশাবাদী কাজটি নিয়ে।’
শিরতাজ জেবিন বলেন, ‘শুটিংয়ের ফাঁকে ফাঁকে ক্যামেরায় নিজেকে দেখে সত্যিই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। সত্যিই তাই, এতটা সুন্দরভাবে আগে আমাকে কখনোই উপস্থাপন করা হয়নি। প্রথম মিউজিক ভিডিওতে কাজ করে আমি ভীষণ মুগ্ধ।’
মেহরাজ খান বলেন, ‘আমার আগের দুটি মিউজিক ভিডিওর জন্য নতুন হিসেবে আমি বেশ ভালো সাড়া পেয়েছিলাম। তবে আমার বিশ্বাস তুমি শ্রেষ্ঠ একজন সবার ভালো লাগবে। কারণ এতে আছেন শিরতাজ জেবিন, তাকে সত্যিই অপূর্ব লেগেছে এই মিউজিক ভিডিওতে। তার সৌন্দর্য্যে মুগ্ধ হবেন সবাই গানে গানে। ধন্যবাদ সামছু ভাইকে।’ জানা গেছে, গানটি চলতি মাসেই প্রকাশ পাবে।
