শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উৎসব উদযাপনে সহায়তার অংশ হিসেবে টাঙ্গাইল জেলার ৫৩টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ করেছে জেলা পরিষদ। প্রতিটি পূজামণ্ডপকে ১০ হাজার টাকা করে অর্থিক সহায়তা প্রদান করা হয়।
রোববার (১৮ অক্টোবর) সকালে জেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে মণ্ডপ কমিটির প্রতিনিধিদলের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে অনুদানের চেক তুলে দেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট ওবায়দুল হক নাসির।
তিনি তাঁর বক্তব্যে বলেন, গত বছরের তুলনায় এবার অনুদানের পরিমাণ বাড়ানো হয়েছে। শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসব আনন্দঘন ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে জেলা পরিষদের পক্ষ থেকে এ সহযোগিতা জোরদার করা হয়েছে।
অ্যাডভোকেট ওবায়দুল হক নাসির আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট জানিয়েছেন, এ দেশে কোনো সংখ্যালঘু বলতে আলাদা কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি। তাঁর নির্দেশনায় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রয়োজনবোধে পূজামণ্ডপ পাহারা দেওয়ার কাজেও নিয়োজিত থাকবেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সম্প্রীতি ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করবে এটাই আমাদের মূল প্রত্যাশা।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ উল্লেখ করে তিনি আরও বলেন, সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপনের পূর্ণ অধিকার রয়েছে। দুর্গাপূজা যাতে নিশ্ছিদ্র নিরাপত্তা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য সমাজের সর্বস্তরের মানুষকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সামছুন্নাহার স্বপ্না, রসুলপুর পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রীভাস চন্দ্র, সাবালিয়া পূজা উদযাপন কমিটির সভাপতি বিশ্বনাথ, ঘাটাইল উপজেলার লাহেরী বাড়ি পূজা উদযাপন কমিটির সভাপতি গোপীনাথসহ জেলার ১২টি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
জেএইচআর
