মালদ্বীপকে হারিয়ে ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’র ফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের মেয়েরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে মালদ্বীপকে ৩৩-২০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। চার দেশকে নিয়ে আয়োজিত এই হ্যান্ডবল টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত।
মঙ্গলবার ম্যাচের শুরুতে দুই দলই আক্রমণাত্মক খেললেও প্রথমার্ধে দ্রুত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে বাংলাদেশ। একের পর এক গোল করে বিরতির আগে ১৬-৫ ব্যবধানে এগিয়ে থাকে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধে গড়ে তোলা ১১ গোলের ব্যবধানই শেষ পর্যন্ত জয়ের ভিত গড়ে দেয়।
বিরতির পর অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মালদ্বীপ। দ্বিতীয়ার্ধে দুই দলই প্রায় সমানতালে লড়েছে। এই অর্ধে বাংলাদেশের ১৭ গোলের বিপরীতে ১৫ গোল করেন অতিথিরা। তবে, প্রথমার্ধের বড় ব্যবধান পেরিয়ে ম্যাচে ফেরার জন্য তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ১৩ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
দলের জয়ে বড় অবদান রাখেন মোসাম্মত সানজিদা আক্তার। একাই ৮ গোল করে ম্যাচসেরা নির্বাচিত হন বাংলাদেশের এই খেলোয়াড়।
ম্যাচ শেষে সানজিদা জানান, ভারতের বিপক্ষে আগের ম্যাচে করা ভুলগুলো নিয়ে আলোচনা করে মালদ্বীপের বিপক্ষে সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করেছেন তারা। সেই প্রচেষ্টারই প্রতিফলন মিলেছে মাঠের পারফরম্যান্সে।
ফাইনালে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় জানিয়ে সানজিদা বলেন, “আমরা চেষ্টা করব আমাদের বেস্টটা দেওয়ার। যেহেতু নিজেদের দেশের মাটিতে খেলা, তাই আমরা চাইব আমাদের সম্মানটা ধরে রাখতে। বাকিটা আল্লাহর ইচ্ছা।”
ভারতের বিপক্ষে লড়াইয়ের প্রসঙ্গে দুই দলের প্রস্তুতির পার্থক্যও তুলে ধরেন তিনি। সানজিদার ভাষায়, “আপনারা জানেন, ভারত আমাদের থেকে হাজার গুণ ভালো। কারণ, তারা নিয়মিত অনুশীলন করে, সারা বছর ক্যাম্পে থাকে। আমাদের কিন্তু সেই ক্যাম্পিংটা হয় না। চার-পাঁচ মাসের একটা ক্যাম্প হয়। ওই চার-পাঁচ মাসের মধ্যে আমরা যতটুকু পারি নিজেদের প্রস্তুত করি।”
টুর্নামেন্টে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল নেপালকে ৩৩-২০ গোলে হারিয়ে। তবে, দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের কাছে ৪৭-১৩ গোলে হেরে যায় লাল-সবুজের মেয়েরা। ফলে, ফাইনালে ওঠার জন্য রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে জয় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সমীকরণে মালদ্বীপকে হারিয়ে শিরোপার লড়াইয়ে জায়গা করে নেয় আনা আলোনসো ফ্রাগুয়ার দল।
আগামী বৃহস্পতিবার (২২ অক্টোবর) পরিবর্তিত সূচি অনুযায়ী বেলা ৩টায় ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে বুধবার (২১ অক্টোবর) দুপুর ২টায় ব্রোঞ্জ পদকের লড়াইয়ে নেপালের বিপক্ষে খেলবে মালদ্বীপ।
