আবুল হাশেম
ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাঘায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে বাঘা উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, সার্বিক দুর্যোগ মোকাবেলায় প্রামাণ্য মহড়া এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকালে বাঘা উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তকি ফয়সাল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা চারঘাটের সংসদ সদস্য জনাব মোঃ আবু সাঈদ চাঁদ।
আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু বলেন, দুর্যোগ বলে-কয়ে আসে না, তবে পূর্বপ্রস্তুতি ও জনসচেতনতা থাকলে ক্ষতির পরিমাণ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। বিশেষ করে পদ্মা নদীবেষ্টিত এই বাঘা অঞ্চলের মানুষকে প্রতি বছর বন্যা ও নদীভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয়। দুর্যোগকালে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং সচেতনতা সৃষ্টিতে আমাদের রাজনৈতিক ও সামাজিকভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তকি ফয়সাল তালুকদার বলেন, জাতীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলায় টেকসই প্রস্তুতি নিশ্চিত করতে হলে একদম পারিবারিক পর্যায় থেকে সচেতনতা শুরু করতে হবে—যা আজকের প্রতিপাদ্যে প্রতিফলিত হয়েছে। সরকার ও স্থানীয় প্রশাসন দুর্যোগকালীন ঝুঁকি হ্রাস ও দ্রুত ত্রাণ সহায়তায় প্রস্তুত রয়েছে। তবে যেকোনো দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে সাধারণ মানুষের নিজ নিজ অবস্থান থেকে মানসিক ও কৌশলগত প্রস্তুতি অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিব।
প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু বাঁশির, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সভা শেষে ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে দুর্যোগকালীন সচেতনতা বৃদ্ধি ও উদ্ধার অভিযান বিষয়ক একটি প্রদর্শনী মহড়া অনুষ্ঠিত হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
