বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি পেয়ে যোগদান করেছেন আবু সাঈদ মো. রওশানুল হক। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ৮ অক্টোবর ২০২৬ তারিখের এক প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতি পেয়ে তিনি দেশের সর্ববৃহৎ বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকে এ পদে যোগদান করেন।
দীর্ঘ ২৮ বছরেরও বেশি সময়ের সমৃদ্ধ ব্যাংকিং ক্যারিয়ারে তিনি ব্যাংকিং খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন। পদোন্নতির আগে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে মহাব্যবস্থাপক হিসেবে প্রশাসন মহাবিভাগ, পরিকল্পনা ও পরিচালন মহাবিভাগ, আন্তর্জাতিক ও হিসাব মহাবিভাগ এবং প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
আবু সাঈদ মো. রওশানুল হক ১৯৯৮ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক এবং প্রাইম ব্যাংক পিএলসি ও বেসিক ব্যাংক পিএলসিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
বেসিক ব্যাংকে দীর্ঘ ২১ বছরের কর্মজীবনে তিনি শাখা ব্যবস্থাপক, প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ, প্রধান আর্থিক কর্মকর্তা, প্রধান ঝুঁকি কর্মকর্তা, উদ্ভাবন কর্মকর্তা এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন মহাবিভাগের প্রধান ও সার্কেল প্রধান হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
শিক্ষাজীবনে আবু সাঈদ মো. রওশানুল হক বরিশাল ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে তথ্যবিজ্ঞান ও যন্ত্রশিক্ষণ বিষয়ে পিএইচডি গবেষণা করছেন। এ ছাড়া তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ থেকে ব্যাংকিং ডিপ্লোমা সম্পন্ন করেছেন।
সিসকো সার্টিফায়েড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট সনদ অর্জনের পাশাপাশি তথ্যবিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তা বিষয়ে দেশে-বিদেশে একাধিক প্রশিক্ষণ গ্রহণ এবং ডিগ্রি অর্জন করেছেন। আন্তর্জাতিক ক্ষেত্রে সামাজিক ব্যাংকিং, কৃষি অর্থায়ন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন বিষয়ে অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে তিনি যুক্তরাজ্য, শেনঝেনভুক্ত একাধিক রাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ বিশ্বের ১৫টিরও বেশি দেশ ভ্রমণ করেছেন।
বিআলো/অর্নব